ইমরান খানকে হত্যা পরিকল্পনার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক।।
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে হত্যার পরিকল্পনা করা হচ্ছে বলে দাবি করেছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতা ফয়সাল ভাওদা।
বুধবার (৩০ মার্চ) এ চাঞ্চল্যকর দাবি করেন তিনি।

পাকিস্তানের সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, অনাস্থা প্রস্তাবের কারণে রাজনৈতিক উত্তেজনা বেড়েই চলেছে।

জরুরি বাড়তি নিরাপত্তার দাবি পুনর্ব্যক্ত করে ক্ষমতাসীন দলের নেতারা সমাবেশে ভাষণ দেওয়ার সময় বুলেটপ্রুফ গ্লাস ব্যবহার করতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান।

ফয়সাল ভাওদা গণমাধ্যমকে বলেন, প্রধানমন্ত্রী ইমরান তাদের উদ্বেগ ঝেড়ে ফেলেছেন এবং বলেছেন ‘যখন তার মৃত্যুর সময় হবে তখন তিনি মারা যাবেন’।

ভাওদা বলেন, প্রধানমন্ত্রী ইমরান একজন সাহসী মানুষ; তিনি পাকিস্তানের স্বার্থে আপস করবেন না। তিনি কারও সামনে জাতির মাথা নত হতে দেবেন না।

পিটিআই নেতা বলেন, প্রধানমন্ত্রী আগেও এই ধরনের হুমকি পেয়েছিলেন। এখন ‘পরিকল্পনা’ বাস্তবায়নের জন্য একটি ষড়যন্ত্র চলছে।

ক্ষমতাসীন দলের সঙ্গে সম্পর্ক ছেদ করে মুত্তাহিদা কওমি মুভমেন্ট-পাকিস্তান (এমকিউএম-পি) প্রধানমন্ত্রী ইমরানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে বিরোধী দলগুলোকে সমর্থনের ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টা পরে এ দাবি করেন ভাওদা।

কয়েক সপ্তাহ ধরে আলোচনার পর বিরোধী দলগুলো অবশেষে সরকার জোটের শরিক দল এমকিউএম-পি’কে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে সমর্থনের জন্য রাজি করাতে সক্ষম হয়। এতে সরকার স্পষ্টতই বিধানসভায় তার সংখ্যাগরিষ্ঠতা হারাবে।

উল্লেখ্য, আগামী ৩ এপ্রিল পাকিস্তানের জাতীয় পরিষদে প্রধানমন্ত্রী ইমরানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের ওপর ভোট হবে।