বন্ধুর স্ত্রীর সঙ্গে প্রেমের জেরে যুবককে এসিড নিক্ষেপ

অনলাইন ডেস্ক।।
ফরিদপুরে স্ত্রীর সাথে প্রেমের জেরে এসিড নিক্ষেপ করে রানা (৩৫) নামের এক যুবকের মুখমন্ডল ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে তারই এক বন্ধুর বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় রানাকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (০২ এপ্রিল) রাতে জেলা শহরের গুহলক্ষ্মীপুর এলাকায় এ ঘটনা ঘটে। এসিড আক্রান্ত রানা শহরের মধ্য আলীপুর এলাকার আব্দুর রবের ছেলে। অভিযুক্তর নাম রিপন। তিনি জেলা শহরের গুহলক্ষ্মীপুর এলাকার আব্দুল খালেকের ছেলে।

জানা গেছে, স্ত্রীর সাথে রিপনের প্রেমের জের ধরে রিপন মোবাইল ফোনে তার বন্ধু রানাকে ডেকে নেয়। পরে অতর্কিতভাবে রানার মুখমন্ডলে এসিড ছুড়ে মারে রিপন। এসময় রানার চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার জানান, বন্ধুর স্ত্রীর সাথে প্রেমের জের ধরে মোবাইল ফোনে ডেকে নিয়ে রানা নামে এক যুবকের শরীরে এসিড নিক্ষেপে করা হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।