সংসদ ভেঙে দেয়ার পর যা বলছে পাকিস্তান সেনাবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক।।
পাকিস্তানে আজ যা ঘটেছে, তাতে সেনাবাহিনীর কিছু করার নেই বলে মন্তব্য করেছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক মেজর জেনারেল বাবর ইফতিখার।

রোববার (০৩ এপ্রিল) দেশটির রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন ঘটনার পরে সংবাদমাধ্যম জিও নিউজকে এ কথা বলেন তিনি।

এদিনের রাজনৈতিক বিভিন্ন ঘটনায় সেনাবাহিনীর সম্পৃক্ততা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মেজর জেনারেল বাবর ইফতিখার কোনো ধরনের জড়িত থাকার কথা স্পষ্টভাবে অস্বীকার করেছেন এবং বলেছেন, ‘একদম না’।

এর আগে এদিন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের পরামর্শে সংসদ ভেঙে দেন প্রেসিডেন্ট আরিফ আলভি।

এর আগে দেশটির সংবিধানের পঞ্চম অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় ইমরানের বিরুদ্ধে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব খারজি করে দেন দেশটির ডেপুটি স্পিকার কাসিম খান সুরি।

এর পরেই জাতির উদ্দেশে এক ভাষণে প্রেসিডেন্টকে সংসদ ভেঙে দেওয়ার পরামর্শ দেন ইমরান খান। তার কিছুক্ষণ পরেই আইনসভা ভেঙে দেওয়ার প্রস্তাব অনুমোদন করেন প্রেসিডেন্ট আরিফ আলভি।

এই পরিস্থিতিতে আগামী তিন মাস অর্থাৎ ৯০ দিনের মধ্যে দেশটিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে শোনা যাচ্ছে।

সূত্র : জিও নিউজ