বালতিতে আবদ্ধ জীবন প্রতিবন্ধী শিশু রমজানের

অনলাইন ডেস্ক।।
শারীরিক ও বাকপ্রতিবন্ধী শিশু রমজান (৬)। কিশোরগঞ্জের হোসেনপুরের হতদরিদ্র একটি পরিবারের সন্তান সে। তার পরিবারের নুন আনতে পান্তা ফুরায় অবস্থা। তার স্বাচ্ছন্দ্য জীবনযাপনের জন্য দরকার একটি হুইল চেয়ারের। কিন্তু দরিদ্র বাবা-মার পক্ষে তা ব্যবস্থা করা সম্ভব হচ্ছে না। তাই একটি বালতিতে বসেই মানবেতর আবদ্ধ জীবন কাটছে তার। প্রতিবন্ধী রমজান হোসেনপুর উপজেলার আড়াইবাড়ীয়া ইউনিয়নের ধূলজুরী গ্রামের দুদু মিয়া ও জেসমিন দম্পতির একমাত্র ছেলে।

দুদু মিয়া-জেসমিন দম্পতির যেখানে একটি হুইল চেয়ার কেনার সামর্থ্য নেই, তারা কিভাবে তাদের সন্তানকে সুচিকিৎসা করাবে তা সহজেই অনুমেয়। তাই সন্তানের একটু সুখ ও স্বাভাবিক জীবনযাপনের জন্য হতদরিদ্র এ দম্পতি সন্তানের চিকিৎসার জন্য সরকার ও সমাজের জনদরদি বিত্তবান লোকদের সহায়তা চেয়েছেন। কারণ, এরূপ অবস্থায় সন্তান যেমন অনেক কষ্টে আছে, তেমন শান্তি খুঁজে পান না তারাও।

সরেজমিনে তথ্য সংগ্রহকালে শিশুর মা জেসমিন আক্তার জানান, অন্য শিশুরা যখন খেলাধুলা আর হৈ-হুল্লোড়ে ব্যস্ত, তখন প্রতিবন্ধী রমজানকে সারাদিন একটি বালতির ভেতর বসিয়ে রেখে দৈনন্দিন কাজকর্ম বরতে হয় তার। এভাবেই প্রতিদিন বাড়ির আঙ্গিনায় অন্য শিশুদের দিকে অপলক দৃষ্টিতে চেয়ে চেয়ে দিন কাটে তার।

হতদরিদ্র বাবার স্বল্প আয় দিয়ে সংসারের খরচ যুগিয়ে আর হুইল চেয়ার কেনা হয়ে উঠেনি এখনো। গত ইউপি নির্বাচনের আগে প্রতিবন্ধী ছেলের জন্য অনেকেই হুইল চেয়ারসহ প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিলেও এখনো কিছুই পাননি। তাই সমাজের বিত্তবান কিংবা সরকারিভাবে ছেলের জন্য অন্তত একটি হুইল চেয়ারসহ মানবিক সাহায্যের আকুতি জানিয়েছেন মা জেসমিন।