মির্জাগঞ্জে ভুতুড়ে বিদ্যুৎ বিলে গ্রাহকরা হয়রানির শিকার

মির্জাগঞ্জ প্রতিনিধি (পটুয়াখালী)।।
পটুয়াখালীর মির্জাগঞ্জে পল্লীবিদ্যুতের অতিরিক্ত বিলের কারণে হয়রানির শিকার হচ্ছেন সাধারণ গ্রাহকরা। অনেকেরই আবার গুনতে হচ্ছে জরিমানা অথবা কেটে দেওয়া হচ্ছে লাইন। প্রতি মাসেই অনেক গ্রাহকের ভুতুড়ে বিল আসে বলে অভিযোগ পাওয়া যায়। এছাড়াও আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকের সঙ্গে এ বিষয়ে কথা বললে তারা হতাশার কথা জানান। প্রতি মাসে এসব গ্রাহকের ব্যবহৃত বিদ্যুতের বিল লিখে বাড়ি বাড়ি পৌঁছে দেন বিদ্যুৎ কর্তৃপক্ষ।

এদিকে জরুরি কাজ ফেলে বিলের কাগজ সঙ্গে নিয়ে গ্রাহকরা পল্লী বিদ্যুৎ অফিসে গিয়ে অভিযোগ করেন। কারও কারও বিল শুধরে দেয়া হয় এবং কারো গুনতে হয় জরিমানা।

ভুতুড়ে বিল আসা গ্রাহক উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের ঘটকের আন্দুয়া গ্রামের মোঃ শাহ আলম জোমাদ্দার। তার আবাসিক মিটারে দুই মাসের বকেয়াসহ ফেব্রুয়ারী মাসের বিল ৮৫১ টাকা । বকেয়া সহ সব বিল পরিশোধ করা হলেও শুধু মার্চ মাসে বিল এসেছে ৮৭৫৭ টাকা। ভুক্তভোগী বলেন, মার্চ মাসের বিল দেখে আমি হতবাক হয়েছি। এ রকম ভুল তারা কীভাবে করে। পরে আমি পল্লী বিদ্যুৎ অফিসে লোকের মাধ্যমে যোগাযোগ করলে তারাও কোন সমাধান দেননি।

শুধু জব্বারই নন, সম্প্রতি এভাবে হয়রানির শিকার হচ্ছেন মির্জাগঞ্জ উপজেলার একাধিক সাধারণ গ্রাহক। ফলে পল্লী বিদ্যুতের দায়িত্বশীল কর্মচারীদের যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলছেন সচেতন মহল।

এ বিষয়ে মির্জাগঞ্জ পল্লী বিদ্যুৎ সাব-জোনাল অফিসের এজিএম (ও এন্ড এম) মোঃ মেহেদী হাসানের সাথে যোগাযোগের জন্য একাধিক বার কল করা হলেও তিনি রিসিভ করেননি।