আগৈলঝাড়ায় ব্রীজের রেলিং না থাকায় নিচে পরে স্কুল ছাত্র আহত

আগৈলঝাড়া প্রতিনিধি।।
বরিশালের আগৈলঝাড়ায় ব্রীজের রেলিং না থাকায় ব্রীজের নিচে পরে এক স্কুল ছাত্র গুরুতর আহত হয়েছে। গুরুতর আহত ওই স্কুল ছাত্র বরিশাল রাহাত আনোয়ার হাসপাতালে ভর্তি রয়েছে।

স্কুল ছাত্রের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের মধ্য শিহিপাশা গ্রামের ইউসুফ বেপারীর ছেলে ও সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্র সিয়াম বেপারী শনিবার (১৬ এপ্রিল) ছুটি শেষে স্কুল থেকে সাইকেল চালিয়ে বাড়ি যাচ্ছিল। এসময় বাড়ির পাশের খালের উপর ব্রীজের রেলিং না থাকায় সিয়াম সাইকেল নিয়ে লোহার খামের উপর পরে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বরিশাল রাহাত আনোয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। এতে স্কুল ছাত্রের বুকের ছয়টি হাড় ভেঙ্গে যায় বলে জানান চিকিৎসকরা।

স্থানীয়দের দাবী অচিরেই যেন ব্রিজের ভেঙ্গে যাওয়া রেলিং সংস্কার করে মেরামত করা হয়।