আগৈলঝাড়ায় পয়সারহাটের সড়কের বেহাল দশায় চরম দুর্ভোগ

আগৈলঝাড়া প্রতিনিধি।।
বরিশালের আগৈলঝাড়ার পয়সারহাটের দক্ষিন পাশের সড়কটি বেহাল দশার কারনে জনসাধারনের চলাচলে চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে। এই সড়কটি চার বছর পূর্বে সংস্কার করা হয়েছিল। এরই মধ্যে সড়কটির বিভিন্ন স্থানের বিটুমিন, পাথর ও পিচ উঠে কাঁচা সড়কে পরিনত হয়েছে।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, উপজেলার বাকাল ইউনিয়নের পয়সারহাট-আমবৌলা-সাতলা সড়কটি চার বছর পূর্বে এক ঠিকাদার প্রতিষ্ঠান পাকা করনের কাজ করেছিলেন। সড়ক সংস্কারের দুই বছর যেতে না যেতেই সড়কের বিভিন্ন স্থানে বিটুমিন, পাথর ও পিচ উঠে গিয়ে খানা-খন্দের কারনে যানবাহন চলাচলে দুর্ভোগের সৃষ্টি হয়েছে। অনেক স্থানে মনে হচ্ছে এটি পাকা সড়ক নয় কাঁচা সড়ক। তারপরেও ওই সড়ক দিয়ে প্রতিদিন শত শত লোকজনসহ স্কুল-কলেজের শিক্ষার্থীরা চলাচল করতে বাধ্য হচ্ছে। রাতের অন্ধকারে ওই সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে পথচারীরা। সড়কটিতে বড় বড় গর্তের কারণে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে পথচলা। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না করায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে। সড়কের কিছু অংশে ইট থাকলেও একেবারেই চলাচলের অনুপযোগী।

স্থানীয় মশিউর রহমান সোহেল জানান, সড়কটির অবস্থা খুবই নাজুক। এমন দুরাবস্থা পূর্ণ রাস্তা পুরো উপজেলায় আর নেই। স্থানীয় জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সড়কটি মেরামতের জন্য অনুরোধ জানান তিনি।

সজল দত্ত জানান, এ সড়কটি যেন দেখার কেউ নেই। প্রতিদিন এ রাস্তা দিয়ে শত শত লোকজন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করে। রাতে অন্ধকারে চলাচল করতে গিয়ে এলাকার লোকজন দুর্ঘটনার কবলে পরে।

পথচারী ইলিয়াস হোসেন জানান, সড়কটির এমন পরিস্থিতিতে তাদের ব্যবসায় বেশ ক্ষতি হচ্ছে। যানবাহন না চলায় তাদের বাড়তি ভাড়া গুনতে হয়। অন্য রাস্তা দিয়ে অনেক পথ ঘুরে যেতে হচ্ছে বলে সময়ও লাগছে বেশি।

এদিকে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে স্কুল-কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের। কারন তাদের দীর্ঘ ভাঙ্গা পথ পাড়ি দিয়ে চলাচল করতে হচ্ছে। যার কারনে স্কুল-কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানে সময় মত শিক্ষার্থীরা যেতে পারে না।

ওই রাস্তায় চলাচলকারী শিক্ষার্থী জান্নাত আক্তার জানান, রাস্তাটির বেশির ভাগ স্থানই ভেঙ্গে গেছে। যার কারনে স্কুলে যেতে খুবেই কষ্ট হয়। আমরা চাই রাস্তাটি দ্রুত মেরামত করে দেয়া হোক।

এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী শিপলু কর্মকার জানান, অভ্যন্তরীণ রাস্তাঘাট সংস্কার প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, বিভিন্ন সড়কে কাজ চলছে। কিছু কিছু টেন্ডার প্রক্রিয়াধীন রয়েছে। অনেক সড়কে ইতিমধ্যে কাজও শুরু হয়েছে।