দুমকিতে পানিতে ডুবে মৃত্যুর ঘটনায় হত্যা মামলা!

রূপালী ডেস্ক।।
পটুয়াখালীর দুমকিতে পানিতে ডুবে ৯ বছরের এক শিশুর মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়ের হয়েছে। শিশুটির বাবা আবদুল খালেক হাওলাদার বাদী হয়ে পুত্রহত্যার দায়ে মামলাটি দায়ের করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মুরাদিয়া ইউনিয়নের উত্তর মুরাদিয়া গ্রামের মিন্টু মিয়ার স্ত্রী মোসা. খাদিজা বেগমের আগের সংসারের ৯ বছরের ছেলে জিহাদ (৯)। ২৩ এপ্রিল প্রতিবেশী শিশুদের সঙ্গে বাড়ির পাশের নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের দুদিন পর নদী থেকে তার ভাসমান লাশ উদ্ধার করে থানা পুলিশ।

এ ঘটনার চার দিন পরে খাদিজার লোভাতুর ও বাউণ্ডুলে সাবেক স্বামী আ. খালেক তার শিশুপুত্রকে শ্বাসরোধে ও পানিতে চুবিয়ে হত্যার অভিযোগে পটুয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন।

এদিকে একটি অপমৃত্যুর ঘটনাকে পুঁজি করে শিশুটির মা সাবেক স্ত্রী খাদিজা বেগম ও তার স্বজনদের আসামি করে হত্যামামলা দায়েরে এলাকায় মিশ্রপ্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

মুরাদিয়া ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান সিকদার বলেন, ছেলেটা (সাবেক স্বামী) ভালো না। শুনেছি অন্তঃসত্ত্বা অবস্থায় তাদের তালাক হয়। ছেলেটি জন্মের পর তার বাবাকেও দেখেনি। কোনোদিন খোঁজখবরও নেয়নি। সম্প্রতি পানিতে ডুবে মারা যায়। এলাকার শত শত মানুষ দেখেছে। এ অপমৃত্যুর ঘটনায় হত্যামামলার কোনো যৌক্তিকতা দেখছি না।

দুমকি থানার অফিসার ইনচার্জ মো. আব্দুস সালাম বলেন, মামলা হয়েছে শুনেছি। তবে এখনো আমাদের কাছে আসেনি।