মুলাদী কলেজ চত্ত্বরটি কৃষ্ণচুড়ার লাল ফুলে রোঙিন হয়ে উঠছে

ভূঁইয়া কামাল, মুলাদী (বরিশাল)।।
বরিশালের মুলাদী সরকারী কলেজ প্রাঙ্গণটি কৃষ্ণচুড়ার লাল ফুলে রোঙিন করে দিয়েছে। পথচারীর পথচলা কিছুটা হলেও শ্লথ হয় ফুলের দিকে চেয়ে। প্রখর রোদে পোড়া প্রকৃতি যেন নিজেও তার প্রাণ ফিরে পায় কৃষ্ণচূড়া ফুল ফোটার মাঝে। উষ্ণ আবহাওয়ায় দৃষ্টি ও মনকে শান্তির পরশ বুলিয়ে দিতে কৃষ্ণচূড়া ফুলের কোনো জুড়ি নেই। গ্রীষ্মজুড়ে পাতাহীন গাছেও অজস্র ধারায় ফুল ফোটে। প্রকৃতির এই রুক্ষ-শুষ্ক মৌসুমে কৃষ্ণচূড়া আসে মানব মনকে শীতল পরশ বোলাতে, ক্লান্তি দূর করে নব উদ্যমে জাগিয়ে তুলতে। এখন আর উপজেলার কোথায় তেমন কৃষ্ণচূড়ার গাছগুলো দেখা যায় না। এক সময় কৃষ্ণচুড়ার লাল ফুলে রঙিন করে তুলতো এলাকাগুলো।

টকটকে লাল অথবা গাঢ় কমলা লাল ছোপে ভরা কৃষ্ণচূড়া আমাদের মন রাঙিয়ে দেয়। গ্রীষ্মের খরতাপে শরীর মন যখন ক্লান্ত, তখন ক্লান্ত-শ্রান্ত মনকে হঠাৎ বৃষ্টির মতো জুড়িয়ে দেয়ার ক্ষমতা রাখে একটি মাত্র গুচ্ছ ফুলের বৃক্ষ- কৃষ্ণচূড়া। কৃষ্ণচূড়া একটি বৃক্ষ জাতীয় উদ্ভিদ যার বৈজ্ঞানিক নাম (Delonix regia)। এ গাছ চমৎকার পত্র-পল্লব এবং আগুনলাল ফুলের জন্য প্রসিদ্ধ। এর আদিনিবাস পূর্ব আফ্রিকার মাদাগাস্কারে। উষ্ণ ও শুকনো আবহাওয়া এ ফুলের উপযোগী। ফুল ফোটার সময়কাল একই সময় নয়, ভিন্ন ভিন্ন দেশে এটি ভিন্ন ভিন্ন সময়ে আবির্ভূত হয়। ভিনদেশি হওয়ার পরও কৃষ্ণচূড়া আমাদের দেশি ফুলের মাঝে জায়গা করে নিয়েছে। শাখা পল্লবে ছড়ানো চার পত্রবিশিষ্ট এ ফুল উজ্জ্বল লাল, কমলা বা এদের সংমিশ্রণে হয়। উষ্ণ আবহাওয়ার উপযুক্ত এ বৃক্ষ নিজস্ব সৌন্দর্যে অতুলনীয়। সৌন্দর্য বিলানো ছাড়াও গাছটি গ্রীষ্মকালে ছায়া দিতে বিশেষভাবে পারঙ্গম।

মুলাদী সরকারী কলেজের সাবেক পরিচালনা পরিষদের সদস্য অহিদুজ্জামান তালুকদার বলেন, গ্রীষ্মকাল বিশেষ করে বৈশাখ মাস কৃষ্ণচূড়া ফোটার সময়। এসময় মুলাদী ইউএনও অফিস চত্ত্বর, মুলাদী সরকারী মাহমুদজান মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণসহ বিভিন্ন জায়গায় কৃষ্ণচূড়ার ফুল ফুটতে দেখা যেত। অযত্ন, অবহেলা আর অসেচতনায় কৃষ্ণচূড়া ফুলের প্রতি ভালোবাসার কমতি দেখার কারণে গাছগুলো আজ বিলুপ্তির পথে। এখন আর সেই কৃষ্ণচূড়ার টকটকে লাল ফুলে এলাকা রঙিন হয়নি। কৃষ্ণচূড়া গাছগুলো ছিলো পরিবেশ সৌন্দর্যের বর্ধন। কিন্তু মানুষ কৃত্রিম হাতের তৈরি ফুলের দিকে ধাবিত হওয়ায় পরিবেশও নষ্ট হতে চলছে। তাই ফুলের সৌন্দর্য ও সুন্দর পরিবেশ গড়ার লক্ষ্য উদ্যোগ নিয়ে কৃষ্ণচূড়া গাছ কিনে কলেজ চত্ত্বরে লাগিয়েছি। আজ গাছটিতে লাল ফুল ফোটে কলেজ চত্ত্বরকে রঙিন করে তুলেছে।

কলেজের ছাত্র মোঃ নাইফুর রহমান ভূঁইয়া, মোঃ রাফিউর রহমান ভূঁইয়া, সুরমা ও শামিমা বলেন, কৃষ্ণচূড়া সম্পর্কে টিভি, ফেইজবুক ও ইউটিউব থেকে জেনেছি কিন্তু আজ বাস্তবে দেখে খুবই ভালো লাগছে।