যুবকের পেটে ছুরিকাঘাত, ভিডিও করতে গিয়ে বিপদে সংবাদকর্মী

কলাপাড়া প্রতিনিধি, পটুয়াখালী।।
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর ইউনিয়নে পূর্ববিরোধকে কেন্দ্র করে রাকিব হাওলাদার নামের এক যুবককে পেটে ছুরিকাঘাত করেছে একদল যুবক। এসময় ঘটনার ভিডিও করতে গেলে স্থানীয় পত্রিকার সংবাদকর্মী হাসান হাওলাদারকেও পিটিয়ে জখম করে ওই যুবকরা।

শনিবার (২১ মে) রাতে মহিপুরে শেখ রাসেল সেতু এলাকায় এ হামলার ঘটনা ঘটেছে। হামলায় আহত দুইজনকে রাত ১১টার দিকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত সংবাদকর্মী জানান, বেশ কয়েকদিন ধরে অভ্যন্তরীণ কোন্দলের জেরে দুই কিশোর গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলে আসছিলো। এর জেরে শনিবার রাতে শেখ রাসেল সেতু এলাকায় খলিলের নেতৃত্ব রাকিবের উপরে হামলা হয়। এসময় হামলা থামাতে গেলে তাকেও পিটিয়ে জখম করা হয়।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ খায়ের জানান, হামলার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হামলাকারীদের চিহ্নিত করার চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।