হানিফ সংকেতের মৃত্যুর গুজব ছড়ানো মানুষগুলো বিকৃত মানসিকতার

বিনোদন ডেস্ক।।
দেশের নন্দিত উপস্থাপক, লেখক ও নাট্যকার হানিফ সংকেতের মৃত্যুর গুজব ছড়িয়েছে। মঙ্গলবার (২৪ মে) রাত থেকেই ফেসবুকে অনেকে তার মৃত্যু নিয়ে পোস্ট দিচ্ছেন। তবে খবরটির কোনো ভিত্তি নেই।

বিষয়টি নিশ্চিত করতে কথা বলেছে হানিফ সংকেতের সঙ্গে। তিনি জানিয়েছেন, সম্পূর্ণ সুস্থ-স্বাভাবিক আছেন। গুজব থেকে সাবধান থাকতেও আহ্বান জানিয়েছেন এই খ্যাতিমান ব্যক্তিত্ব।

এদিকে বুধবার (২৫ মে) দুপুরে নিজের ফেসবুক পেজে বিষয়টি নিয়ে স্টেটমেন্ট দিয়েছেন হানিফ সংকেত। সেখানে তিনি লিখেছেন, ‘আমার ভাবতে কষ্ট হচ্ছে আমাকে স্ট্যাটাস দিয়ে প্রমাণ দিতে হলো, আমি বেঁচে আছি। আমার মৃত্যু নিয়ে এ ধরণের স্ট্যাটাস কখনও দিতে হবে ভাবিনি।’

তিনি লিখেছেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী এক শ্রেণির বিকৃত মানসিকতার মানুষ তাদের ভিউ ব্যবসা ও ফলোয়ার বাড়াবার প্রত্যাশায় মানুষের মৃত্যু নিয়ে মিথ্যে ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে অসামাজিক কাজ করছে। ছড়িয়েছে আমার মৃত্যু সংবাদ। একজন সুস্থ মানুষকে মেরে ফেলার পেছনে এদের কি ধরণের মানসিকতা কাজ করে আমার বোধগম্য নয়। তারা কী একবারও চিন্তা করে না আমাদেরও পরিবার আছে, আত্মীয়-স্বজন আছে, শুভাকাঙ্ক্ষী আছে? এ ধরণের সংবাদে তাদের মানসিক অবস্থা কি হতে পারে?’

নন্দিত এ উপস্থাপক লেখেন, ‘আমি আপনাদের সবার দোয়া ও ভালোবাসায় সুস্থ আছি। ভালো আছি। আমার কোনরকম কোন দুর্ঘটনাও ঘটেনি। গত দু’দিন ধরে আমি ও আমার পরিবার এই মৃত্যু গুজবের কারণে নিদারুণ মানসিক কষ্টে আছি। শত শত মানুষ যোগাযোগ করেছেন, এখনও করছেন। সুস্থতা কামনা করছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে শুধুমাত্র ভিউ, লাইক, শেয়ার পাবার জন্য একজন মানুষকে এরা মেরে ফেলবে? এ কি ধরণের মানসিকতা? নাকি এদের অন্য কোন উদ্দেশ্য আছে?’