পুলিশের ছায়া থেকে বের হয়ে বিএনপিকে মোকাবিলা করে দেখেন: শাহজাহান ওমর

রূপালী ডেস্ক।।
বর্তমান সরকার পুলিশের সহায়তায় টিকে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম। তিনি বলেন, আওয়ামী লীগকে এ দেশের মানুষ ভোট দেয়নি বলেই তারা জনগণের সরকার হতে পারেনি।

বৃহস্পতিবার (২৬ মে) বিকেলে বরিশাল নগরের সদর রোডে দলীয় কার্যালয়ের সামনে এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন শাহজাহান ওমর। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কটূক্তির প্রতিবাদে বরিশাল মহানগর, জেলা দক্ষিণ ও উত্তর বিএনপি যৌথভাবে এ সমাবেশের আয়োজন করে।

সরকারের উদ্দেশে বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, যদি সাহস থাকে পুলিশের ছায়া থেকে বের হয়ে বিএনপিকে মোকাবিলা করে দেখেন।

তিনি বলেন, ‘আমরা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দেশকে স্বাধীন করেছি। স্বাধীন দেশের সংবিধানে লেখা আছে, জনগণের ভোটে সরকার নির্বাচিত হবে। কিন্তু এই সরকার সংবিধানের দেওয়া সেই অধিকার হরণ করেছে। তাঁরা জানেন, জনগণ তাঁদের সঙ্গে নেই। তাই ভোটকে তাঁরা ভয় পান।’

শাহজাহান ওমর আরও বলেন, সরকার দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, মতের স্বাধীনতা, আইনের শাসন সবকিছু হরণ করেছে। নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে মানুষ আজ অসহায়। তাতে সরকারের কিছু যায় আসে না।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘আপনি সরকারপ্রধান হয়ে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে এমন কটূক্তি করতে পারেন না। এটা কোনো শিষ্টাচারের মধ্যে পড়ে না।’

বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মজিবর রহমানের সভাপতিত্বে ও বরিশাল মহানগর বিএনপি সদস্যসচিব মীর জাহিদুল কবিরের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন জেলা মহিলা দলের সভাপতি ফাতেমা রহমান, মহানগর মহিলা দলের সভাপতি অধ্যাপক ফারহানা তিথি।

এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মেজবা উদ্দিন, মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান, যুগ্ম আহ্বায়ক আলী হায়দার বাবুল, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মো. শহিদুল্লাহ, জেলা দক্ষিণের সদস্যসচিব আকতার হোসেন, উত্তর জেলা বিএনপির সদস্যসচিব মিজানুর রহমান, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান প্রমুখ।

এর আগে দুপুরের পর থেকে বরিশাল মহানগরের বিভিন্ন ওয়ার্ড ও বরিশালের ১০ উপজেলা থেকে মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হন বিএনপির নেতা-কর্মীরা। এ সময় বৃষ্টি শুরু হলে সমাবেশ বিঘ্নিত ও সংক্ষিপ্ত হয়।