মুলাদীর নয়াকান্দি সেতুটি সংস্কার না হওয়ায় ৫ গ্রামের মানুষের ভোগান্তি

ভূঁইয়া কামাল, মুলাদী (বরিশাল)।।
বরিশালের মুলাদী উপজেলার কাজিরচর ইউনিয়নের নয়াকান্দি গ্রামের সেতুটি নির্মাণের ৩০ বছরেও সংস্কার না হওয়ায় পাঁচ গ্রামের হাজার হাজার মানুষ ভোগান্তিতে পড়েছে। জনপ্রতিনিধিদের অবহেলায় সেতুটি সংস্কার হচ্ছে না বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।

জানা গেছে, ১৯৯২-৯৩ অর্থবছরে তৎকালীন কাজিরচর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ইউসুফ আলী নয়াকান্দি গ্রামের খালে সেতুটি নির্মাণ করেন। এরপরে কয়েক বার চেয়ারম্যান পরিবর্তন হলেও নয়াকান্দি গ্রামের গুরুত্বপূর্ণ এই সেতুটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি।

স্থানীয় বাসিন্দারা জানান, নয়াকান্দি খালের ওপর নির্মিত সেতুটি দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ যাতায়াত করেন। কাজিরচর ইউনিয়নের নয়াকান্দি, রাঘুয়া কাজিরচর, বড়ইয়া, নলীকান্দি ও বাবুগঞ্জ উপজেলার চর ডাকাতিয়া গ্রামের লোকজন এই সেতু দিয়ে চলাচল করে। সেতুটির পাটাতন ও রেলিং ভেঙে যাওয়ায় চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে এই ভাঙা সেতু দিয়ে স্কুল কলেজের শিক্ষার্থীসহ এলাকাবাসী চলাচল করে। দূর্ভোগ নিরসনে দ্রæত সেতুটির সংস্কার করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

কাজিরচর নয়াকান্দি গ্রামের আব্দুর রাজ্জাক জানান, এ সেতুর উপর দিয়ে প্রতিদিন শতশত মটর সাইকেল, অটোভ্যান ঝুঁকি নিয়ে সেতুর উপর দিয়ে চলাচল করে। সেতুর মাঝখানের পাটাতন ভেঙে যাওয়ায় মাঝে মধ্যে বাঁশ ফেলে চলাচল করে। দ্রæত সংস্কার করা না হলে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

কাজিরচর ইউনিয়ন চেয়ারম্যান মন্টু বিশ্বাস বলেন, সেতুটি অনেক আগে নির্মাণ করা হয়েছিল। এটি সংস্কার করা প্রয়োজন। এটি ভেঙে একটি ঢালাই সেতু নির্মাণের জন্য উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) চাহিদা দেওয়া হয়েছে।

উপজেলা প্রকৌশলী মো. তানজিলুর রহমান বলেন, সেতু নির্মাণের জন্য ইউপি চেয়ারম্যানের চাহিদা বরিশাল নির্বাহী প্রকৌশলীর দপ্তরে পাঠানো হয়েছে।