কলেজছাত্রীর অশ্লীল ছবি ভাইরাল করায় যে হাল হলো ৩ যুবকের জেল

অনলাইন ডেস্ক।।
কলেজছাত্রীর এডিট করা অশ্লীল ছবি ফেসবুকে ছড়িয়ে দেয়ার দায়ে তিন যুবককে ৬ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে। রোববার (২৯ মে) বিকেলে রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ইসমত আরা এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন দুপুরে রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান আসামিদের উপস্থিতিতে এই রায় দেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- শিহাবুর রহমান ওরফে শিহাব, আরিফুল ইসলাম আলিফ ও শুভাশিস রায় কনক। তাদের সবার বাড়ি বগুড়া জেলায়।

জানা গেছে, ২০১৯ সালের ৩ আগস্ট বগুড়ার একাদশ শ্রেণির এক ছাত্রীর হোয়াটসঅ্যাপে তার এডিট করা অশ্লীল ছবি পাঠানো হয়। এরপর ওই ছাত্রীকে তাদের সঙ্গে দেখা করাসহ কু-প্রস্তাব দেওয়া হয়। এছাড়া তার কাছে ২০ হাজার টাকা চাঁদাও দাবি করা হয়। পরে টাকা না দিলে তার এডিট করা অশ্লীল ছবি ফেসবুকে ভাইরাল করে দেওয়ার হুমকি দেন আসামিরা। পরে টাকা না পেয়ে তারা এসব আপত্তিকর ছবি ছড়িয়ে দেন।

রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ইসমত আরা জানান, এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর বাবা ২০১৯ সালের ৩ আগস্ট ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। পরে পুলিশি তদন্তে ৩ আসামির জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়।

তিনি আরও জানান, এ ঘটনায় পুলিশ আসামিদের অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয়। আদালত তা গ্রহণের পর বিচার শুরু হয়। সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে আজ রোববার দুপুরে এ রায় ঘোষণা করা হয়।