বরিশালে ছাগল চোর ধরে বিপাকে পুলিশ সদস্যরা!

রূপালী ডেস্ক।।
বরিশাল কোতোয়ালি মডেল থানা এলাকায় একটি ছাগলসহ দুই যুবককে আটক করা হয় ২০ এপ্রিল। দুই যুবককে পর দিন আদালত জেলহাজতে পাঠালেও ছাগল রয়েছে থানায়। আর এ নিয়েই বিপাকে পড়েছে পুলিশ।

থানাসূত্রে জানা গেছে, ২০ এপ্রিল সন্ধ্যায় নগরীর ব্রজমোহন কলেজের সামনে তালভিটা দ্বিতীয় গলির মুখ থেকে তানজিম ও নাদিম নামে দুই যুবককে একটি চোরাই ছাগলসহ আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ। পরের দিন গোয়েন্দা পুলিশের এসআই ফিরোজ আলম বাদী হয়ে মামলা করে আটক দুজনকে আদালতে পাঠালে আদালত জেলহাজতে পাঠান। তবে ছাগলটি কোতোয়ালি মডেল থানার হেফাজতে রাখা হয়েছে। এই ছাগলের মলের দুর্গন্ধে পুরো থানা ভবনে অতিষ্ট পুলিশ সদস্যরা।

এক নারী পুলিশ সদস্য জানান, এক মাসের বেশি সময় ধরে থানা ভবনের নিচ তলায় অপ্রাপ্তবয়স্ক আসামিদের রাখার কক্ষের সামনে বেঁধে রাখা হয়েছে ছাগলটি। ছাগলটিকেও খাবার দিতে হচ্ছে। আর ছাগলের মলমূত্রের দুর্গন্ধে টেকা দায়।

বরিশাল কোতোয়ালি মডেল থানার পরিদর্শক লোকমান হোসেন বলেন, আদালত থেকে কোনো নির্দেশনা না দেওয়ায় ছাগলটি থানাতে রাখা হয়েছে। ছাগলের কোনো মালিকও আসছে না। তাই এই ছাগল নিয়ে আমরা একটা ঝামেলার মধ্যে রয়েছি।