মুলাদীতে স্বামীর সাথে অভিমান করে গৃহবধুর আত্মহত্যা

ভূঁইয়া কামাল, মুলাদী (বরিশাল)।।
বরিশালের মুলাদী উপজেলার বাটামারা ইউনিয়নের তয়কা গ্রামের আশরাফ আলী হাওলাদারের স্ত্রী রেহানা বেগম আত্মহত্যা করে। বুধবার (০১জুন) বেলা ১২টার দিকে উপজেলার বাটামারা ইউনিয়নের তয়কা গ্রামের আশরাফ আলী হাওলাদারের বাড়ি থেকে তাঁর স্ত্রী রেহানা বেগমের ঝুলন্ত মরদেহ উদ্ধার মুলাদী থানা অফিস। স্বামীর সাথে অভিমানে রেহানা বেগম আত্মহত্যা করেছে বলে দাবি করেছেন পরিবারের সদস্যরা।

আশরাফ আলী হাওলাদার জানান, মঙ্গলবার তাঁর বাবা ইউসুফ হাওলাদার মারা যান। বৃহস্পতিবার বাবার কুলখানী অনুষ্ঠিত হওয়ার কথা। তা নিয়ে বুধবার বেলা ১১টার দিকে ছোট ভাই ইয়াসিন হাওলাদারের সাথে কথা চলছিলো। কে কত খরচ দিবে এনিয়ে দুই ভাইয়ের মধ্যে কথার কাটাকাটি চললে স্ত্রী রেহানা বেগম দেবর ইয়াসিনের পক্ষ নিয়ে কথা বলায় আশরাফ আলী হাওলাদার স্ত্রীকে গালমন্দ করে মাঠে কাজে চলে যান। রেহানা বেগমের ছেলে-মেয়েরা বাড়ি ফিরে ঘরের দরজা বন্ধ দেখে মাকে ডাকাডাকি করলে সাড়া শব্দ না পেয়ে ডাকচিৎকার শুরু করে। পার্শ্ববর্তী লোকজন এসে দরজা ভেঙে দেখে রেহানা বেগম ঘরের ফ্যানের সাথে ওরণা জড়িয়ে ঝুলে আছেন। সাথে সাথে ঝুলন্ত অবস্থায় মুলাদী থানা পুলিশকে সংবাদ দিলে পুলিশ মরদেহ উদ্ধার করেন। স্বজন ও প্রতিবেশিদের ধারনা স্বামীর সাথে অভিমান করে রেহানা বেগম আত্মহত্যা করেছেন।

মুলাদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সমীর কুমার দাস বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল শেরে বাংলা হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।