আগৈলঝাড়া হাসপাতালে ১১ ডায়রিয়া রোগী ভর্তি

আগৈলঝাড়া প্রতিনিধি, বরিশাল।।
প্রচন্ড দাবদাহের কারনে বরিশালের আগৈলঝাড়ায় ডায়রিয়া রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। বৃহস্পতিবার (০২ মে) একদিনে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ১১ জন রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। এছাড়া প্রতিদিনই আক্রান্ত শিশু ও বৃদ্ধ রোগীরা হাসপাতালে ভর্তি হচ্ছে।

হাসপাতালে চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। এছাড়াও হাসপাতালের আউডডোরে প্রতিদিন ১৫-২০জন ডায়রিয়া ও নিউমোনিয়া রোগী চিকিৎসা নিচ্ছেন। গত কয়েক দিন ধরে ডায়রিয়া রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বেশি।

বৃহস্পতিবার ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন উত্তর শিহিপাশা গ্রামের নুরজ্জামান ঘরামীর তিন মাসের ছেলে আলকাচ ঘরামী, ফুল্লশ্রী গ্রামের নুরেআলম ভুইয়ার তিন মাসের ছেলে নেহাল ভুইয়া, ইন্দুরকানি গ্রামের নিহার বাড়ৈর চৌদ্দ মাসের ছেলে প্রিতম বাড়ৈ, বাকাল গ্রামের রবিউল ইসলামের পঁাচ মাসের মেয়ে ভাবনা, রত্নপুর গ্রামের সোহেল হাওলাদারের তের মাসের মেয়ে ফাতেমা ইসলাম, আস্কর গ্রামের রনজিৎ বিশ্বাসের তিন বছরের ছেলে সম্রাট বিশ্বাস, রাংতা গ্রামের সাইফুল আলম বেপারীর এক মাসের ছেলে ইউছুব বেপারী, একই গ্রামের মাহাবুব বেপারীর স্ত্রী শাহিনুর বেগম (৩৩), হরিনাটি গ্রামের রমেন পান্ডের দুই বছরের ছেলে তুর্য্য পান্ডে, পূর্ব সুজনকাঠি গ্রামের এনামুল হকের দশ মাসের ছেলে নাবিল ও রাহুতপাড়া গ্রামের মশী রায়ের স্ত্রী মুকুল রায় (৩৮)।

প্রচন্ড দাবদাহের ও হঠাৎ করে আবহাওয়া পরিবর্তনের কারনে এই রোগের সংখ্যা বেড়ে যাচ্ছে বলে জানান চিকিৎসকরা। উপজেলা হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন বলেন, প্রচন্ড দাবদাহের ও হঠাৎ করে আবহাওয়া পরিবর্তনের কারনে শিশুদের ডায়রিয়া রোগ দেখা দিয়েছে বেশি। অন্য সময়ের চেয়ে বর্তমানে রোগীর সংখ্যা একটু বেশী।