আগৈলঝাড়ায় ঘর ও টিউবয়েল দেয়ার কথা বলে টাকা আদায়ের অভিযোগ

আগৈলঝাড়া প্রতিনিধি।।
বরিশালের আগৈলঝাড়ায় ঘর ও টিউবয়েল দেওয়ার কথা বলে দরিদ্রদের লোকজনের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে ক্ষমতাসীন দলের এক কর্মীর বিরুদ্ধে। টাকা চাইতে গেলে ভুক্তভোগীদের বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখানো হয় বলে অভিযোগ। এঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দায়ের করেছেন।

স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের পূর্ব গোয়াইল গ্রামের নিরাঞ্জন হালদারের ছেলে ক্ষমতাসীন দলের কর্মী লিটন হালদার ৪ বছর পূর্বে স্থানীয় দরিদ্র পরিমল বেপারীকে ঘর দেওয়ার কথা বলে ৫০ হাজার টাকা, একই এলাকার রাশেদ মোল্লার কাছ থেকে টিউবয়েল দেওয়ার কথা বলে ২০ হাজার, সুপন হালদারের কাছ থেকে ১৭ হাজার টাকা, অনুকুল বেপারীর কাছ থেকে ২০ হাজার টাকা ও সবুজ ঢালীর কাছ থেকে ১০ হাজার টাকা প্রতারনার মাধ্যমে হাতিয়ে নেন।

পরিমল বেপারী জানান, বছরের পর বছর তারা লিটনের কাছে ঘর ও টিউবয়েলের জন্য ধরনা দিয়েও পায়নি। উল্টো তারা টাকা চাইতে গেলে তাদের বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখান লিটন। এঘটনায় ভুক্তভোগীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্ত লিটন হালদার জানান, আমার এলাকার তিনজন টিউবয়েল পাওয়ার জন্য আমার কাছে টাকা দিয়েছে। ঘর দেওয়ার কথা বলে কারো কাছ থেকে আমি টাকা নেইনি।

এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন লিখিত অভিযোগ পাওয়ার সত্যত্বা স্বীকার করে বলেন, আমি অভিযোগকারীদের ডেকে গনশুনানী করে প্রয়োজনীয় ব্যবস্থা নিব।