বাড়ছে মোবাইল ও ল্যাপটপের দাম

তথ্য-প্রযুক্তি।।
দেশের বাজারে ল্যাপটপের দাম বাড়বে। জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের সময় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমন প্রস্তাব দিয়েছেন। এছাড়া মোবাইল হ্যান্ডসেটের দামও বাড়ানোর প্রস্তাব করা হয়েছে সংসদে।

বৃহস্পতিবার (০৯ জুন) বাজেট প্রস্তাবনায় বলা হয়েছে, ল্যাপটপ আমদানিতে মূল্য সংযোজন কর অব্যাহতি রয়েছে। ফলে দেশীয় কম্পিউটার উৎপাদনকারী প্রতিষ্ঠানসমূহ অসম প্রতিযোগিতার সম্মুখীন হচ্ছে। তাই ল্যাপটপ আমদানিতে ১৫ শতাংশ মূসক আরোপ করার প্রস্তাব করছি। এর ফলে পণ্যটি আমদানির ক্ষেত্রে প্রযোজ্য মোট করভার হবে ৩১ শতাংশ।

আর স্মার্টফোন আমদানিতে এখন প্রায় ৫৮ শতাংশ কর দিতে হয়। স্থানীয়ভাবে অ্যাসেম্বল ও তৈরি হ্যান্ডসেটের ওপর কর ৩ থেকে ২৭ শতাংশ পর্যন্ত। মোবাইল হ্যান্ডসেটের মূল্য সংযোজন কর প্রসঙ্গে অর্থমন্ত্রী মোবাইল সেট ব্যবসায়ী পর্যায়ে বিদ্যমান ৫ শতাংশ মূসক অব্যাহতি প্রত্যাহারের প্রস্তাব করেন।

এছাড়া এই বাজেটে বিশেষ সুবিধায় বিদেশে পাচার করা অর্থ দেশে ফিরিয়ে আনার সুযোগ দেয়া হচ্ছে। কর দিয়ে বৈধ হয়ে গেলে এটি নিয়ে প্রশ্ন তুলতে পারবে না আয়কর কর্তৃপক্ষসহ কেউ। এদিন ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী।

বাজেট উপস্থাপনায় অর্থমন্ত্রী বলেন, বিদেশে অর্জিত স্থাবর সম্পত্তি বাংলাদেশে আনা না হলে এর ওপর ১৫ শতাংশ, বিদেশে থাকা অস্থাবর সম্পত্তি বাংলাদেশে আনা না হলে ১০ শতাংশ ও বাংলাদেশে পাঠানো নগদ অর্থের ওপর ৭ শতাংশ হারে করারোপের প্রস্তাব করেন তিনি। এ সুবিধা ২০২২ সালের ১ জুলাই থেকে ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত বলবৎ থাকবে বলেও জানান তিনি।