মির্জাগঞ্জে টাকা নিয়ে পালানোর সময় ছিনতাইকারী আটক

মির্জাগঞ্জ প্রতিনিধি, পটুয়াখালী।।
পটুয়াখালীর মির্জাগঞ্জ টাকা নিয়ে পালানোর সময় হাতেনাতে ধরে এক ছিনতাইকারীকে পুলিশে দিয়েছেন জনতা। রোববার (১২ জুন) সকাল সাড়ে ১১ টায় উপজেলার সুবিদখালী সোনালী ব্যাংক শাখা থেকে এক গ্রাহকের টাকা নিয়ে পলানোর সময় তাকে আটক করা হয়। আটককৃত আলমগীর মৃধা (৪০) পার্শবর্তী বরগুনা জেলার সদর উপজেলার গলাচিপা গ্রামের মৃত্যু আব্দুল কুদ্দুসের ছেলে বলে জানান সে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার দেউলী সুবিদখালী ইউনিয়নের লেমুয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আনিসুর রহমান (৬৭) সোনালী ব্যাংক শাখায় তাঁর মেয়েকে নিয়ে টাকা উত্তোলন করতে আসেন। দেড় লক্ষ টাকা তুলে ব্যাংকের ভেতরে চেয়ারে বসে গণনা করে এক লক্ষ টাকা বাম পকেটে রাখেন। তখন তাঁর পাশে আটককৃত ঐ ব্যক্তি বসেছিল। পরে বাকি টাকা গণনা করার সময় ওই ব্যক্তি পকেটে রাখা টাকা নিয়ে চলে যায়। গণনা শেষে বাকি টাকা পকেটে রাখতে গেলে টাকা না পেয়ে ব্যাংক থেকে বের হয়ে সিড়ির কাছে গিয়ে তাকে ধরে ফেলেন। এরপর তাকে ব্যাংকের ভিতরে নিয়ে এসে ব্যাংক ব্যবস্থাপকের রুমে নিয়ে গেলে তার হাতে থাকা ছাতার ভিতর থেকে ওই এক লাখ টাকা উদ্ধার করা হয়। পরে শাখা ব্যবস্থাপক তাকে থানা পুলিশের হাতে সোপর্দ করেন।

সুবিদখালী সোনালী ব্যাংক শাখা ব্যবস্থাপক মোঃ আতিকুর রহমান বলেন, টাকা নিয়ে পালানোর সময় ওই ব্যক্তিকে সাধারণ জনতা আটক করে ব্যাংকের ভিতরে নিয়ে আসলে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে মির্জাগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির বলেন, তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।