গৌরনদীতে যৌতুক না পেয়ে গৃহবধূকে খুনের অভিযোগ

গৌরনদী প্রতিনিধি, বরিশাল।।
এক লাখ টাকা যৌতুকের দাবিতে স্বর্না আক্তার (২০) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে রবিবার (১৯ জুন) সকালে বরিশালের গৌরনদী উপজেলার বড় কসবা গ্রামে। থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে শেবাচিম হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন।

নিহতের পিতা শিপন সরদার অভিযোগ করে বলেন, গত দুই বছর পূর্বে তার মেয়ে স্বর্ণা আক্তারকে একই গ্রামের জালাল খানের পুত্র টরকী বন্দরের গার্মেন্টস ব্যবসায়ী মাসুম খানের (২৭) সাথে বিয়ে দেয়া হয়। বিয়ের পরপরই মাসুম ও তার পরিবারের লোকজন এক লাখ টাকা যৌতুকের দাবীতে বিভিন্নসময় স্বর্নাকে শারিরিক ও মানসিক ভাবে নির্যাতন করে আসছিলো। তারই ধারাবাহিকতায় রবিবার সকালে যৌতুকের টাকার জন্য তার মেয়ে স্বর্না আক্তারকে পিটিয়ে গুরুত্বর আহত করা হয়। মূমূর্ষ অবস্থায় তাকে মাসুমের পরিবারের সদস্যরা উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক স্বর্নাকে মৃত বলে ঘোষনা করে। এসময় হাসপাতালে লাশ রেখেই পালিয়ে যায় মাসুমের পরিবারের সদস্যরা।

শিপন সরদার অভিযোগ করে আরও বলেন, তার মেয়ের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তবে হত্যার অভিযোগ অস্বীকার করেছেন মাসুম খানের মা রুনু বেগম। তিনি বলেন, তার পুত্রবধু গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।

গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।