কলাপাড়ায় বিস্কুটের প্রলোভন দেখিয়ে শিশু ধর্ষণ

কলাপাড়া প্রতিনিধি, পটুয়াখালী।।
পটুয়াখালীর কলাপাড়ায় বিস্কুটের প্রলোভন দেখিয়ে বানাতী বাজার কেরাতুল কুরআন মাদ্রাসায় পাঠদান শেষে বাড়ি ফেরার পথে ৭ বছর বয়সী এক কণ্যাশিশুকে ধর্ষণের দায়ে শাহ-আলম শেখ নামে (৫৮) গ্রেফতার করেছে পুলিশ। নির্যাতিতা ওই শিশুটির পিতার অভিযোগের ভিত্তিতে বৃহষ্পতিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ ও শিশুর পারিবারিক সূত্রে জানা গেছে, গত বুধবার দুপুরে বানাতী বাজার কেরাতুল কুরআন মাদ্রাসায় পাঠদান শেষে বাড়ি ফেরার পথে ঝুপ ঝুপ বৃষ্টি শুরু হলে বালীয়াতলী ইউপির বলিপাড়া গাজী মার্কেট এলাকায় শাহ-আলমের ভাঙ্গাড়ি দোকানে আশ্রয় নেয় প্রথম শ্রেণির এই শিক্ষার্থী। পরে শিশুটিকে বিস্কুট কিনে দিয়ে দোকানের পেছনে নিয়ে দোকানের দরজা বন্ধ করে দেয় শাহ-আলম। এরপর জোরপূর্বক শিশুটির পরিধেয় পোশাক খুলে ধর্ষণ করে। এসময় ওই শিশু শিক্ষার্থী ডাকচিৎকার দিলে বৃষ্টিতে লোকজন না থাকায় তাকে ছেড়ে দেয় শাহ-আলম। পরে শিশুটি বাড়ি ফিরে তার মাকে সব ঘটনা জানালে তাকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়। এবং তার পিতা কলাপাড়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। ধৃত শাহ-আলম গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া থানার হিরন ইউপির আক্তার উদ্দিন শেখের ছেলে।

কলাপাড়া থানার (ভারপ্রাপ্ত) ওসি মো. জসিম উদ্দিন জানান, শিশু শিক্ষার্থীর পিতার অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে শাহ-আলমকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত শাহ-আলমকে জেলে পাঠানো ব্যবস্থা করা হয়েছে।