বেতাগীতে সংঘর্ষের আশংকায় বিএনপির কর্মী সভায় ১৪৪ ধারা

গোলাম কিবরিয়া, বরগুনা।।
বরগুনার বেতাগীতে উপজেলা বিএনপির দুই গ্রুপের কর্মী সভাকে কেন্দ্র করে সংঘাতের আশঙ্কায় এ  ১৪৪ ধারা জারি করা হয়েছে । রবিবার (০৩ জুন) দুপুরে এ আদেশ জারি করেন উপজেলা প্রসাশন। বিষয়টি নিশ্চিত করেছেন বেতাগী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: সুহৃদ সালেহীন।

তিনি জানান, রোববার বিকেল সাড়ে ৪ টায় বেতাগী উপজেলা বিএনপির দলীয় কার্যালয় এক গ্রুপ ও বিকেল সাড়ে ৫ টায় পৌর শহরের পুরাতন ডাক বাংলার সামনে অন্য একটি গ্রুপ কর্মীসভা আয়োজন করেন। এ কর্মী সভাকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে চরম উদ্বেগ ও উৎকন্ঠা ছিলো। দুই গ্রুপেই মোটরসাইকেল মহড়া ও শোডাউন এখন থমকে গেছে। যে কোন সময় যে কোন রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সুহৃদ সালেহীন ১৪৪ ধারা জারি করেন।

জানা যায়,রোববার দুপুর দুইটার দিকে বরগুনা জেলা বিএনপির আহবায়ক মো.মাহবুবুল আলম ফারুক মোল্লা ও সদস্য সচিব তারিকুজ্জামান টিটুসহ জেলা নেতৃবৃন্দ আসলেও দুই গ্রুপ এক না হয়ে আলাদা জায়গায় কর্মীসভা করার কথা জানায়। এতে পরিস্থিতি অস্বাভাবিক দেখা দিলে ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন।

উপজেলা বিএনপির একাংশের নেতা হুমায়ুন কবির মল্লিক বলেন,’তেমন কোন খারাপ পরিস্থিতি সৃষ্টি হয়নি। আওয়ামী লীগের মদদে শাহজাহান কবির গ্রুপ করে দলীয় কার্যালয়ের বাইরে সভার আয়োজন করেছে।

উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো.শাহজাহান কবির বলেন, আমরা এক হয়ে কর্মী সভা আয়োজন করতে কাজ করেছি। কয়েক বার তাদের সাথে কথা বলেছি কিন্তু তারা একমূখি নেতৃত্ব চায় তাই এমন সমস্যা।
এ বিষয়ে বেতাগী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.সুহৃদ সালেহীন বলেন, বিএনপির দুইগ্রুপের মধ্যে অপৃতিকর ঘটনা ও সংঘর্ষ এড়াতেই ১৪৪ ধারা জারি করা হয়েছে। আজ রোববার দুপুর ৩ টা থেকে রাত ১২ টা পর্যন্ত এ নির্দেশ বলবত থাকবে।