পরকীয়া প্রেমকে কেন্দ্র করে দুই খুন, নিজের গায়ে আগুন

আন্তর্জাতিক ডেস্ক।।
বিয়ের কয়েক মাস কাটতে না কাটতেই স্ত্রীকে সন্দেহ করতেন স্বামী। মনে করতেন, স্ত্রীর সঙ্গে কারও বিবাহ বহির্ভূত সম্পর্ক আছে। পরে তার সন্দেহ হয়, নিজের ভাইয়ের সঙ্গেই পরকীয়া করছেন স্ত্রী। এই সন্দেহ থেকেই ক্রোধ জন্মায় স্বামীর মনে।

আর সেই ক্রোধের বশে স্ত্রী এবং নিজের ভাইকে খুন করেছেন এক ব্যক্তি। সম্প্রতি চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের বারাবাঁকিতে। শনিবার (১৬ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া ও টাইমস নাউ।

এদিকে স্ত্রী ও নিজের ভাইকে হত্যার ঘটনায় অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার সময় নিজের গায়েও গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। এছাড়া অভিযুক্ত ওই ব্যক্তি নিজের বাবাকেও ধারাল অস্ত্র দিয়ে আঘাত করেছিলেন বলে জানিয়েছে পুলিশ। তার বাবা এখন হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ জানিয়েছে, পরকীয়া সম্পর্কের সন্দেহে নিজের স্ত্রী এবং ভাইকে হত্যা করা ওই ব্যক্তির নাম বিজয় কুমার শুক্লা। তিনি দিল্লিতে একটি বেসরকারি সংস্থায় কর্মরত। স্ত্রীকে খুন করার পরছোট ভাই অজয় শুক্লার (২৭) সঙ্গে তর্ক হয় তার। তখন তাকেও কুপিয়ে খুন করেন তিনি।

পরে বাবা নারায়ণ শুক্লার (৬৫) সঙ্গেও ঝামেলা হয় বিজয় কুমার শুক্লার। একপর্যায়ে বাবার ওপর গুলিবর্ষণ করেন তিনি। পাশাপাশি ধারাল অস্ত্র দিয়ে আঘাতও করেছিলেন। এরপর ছাদে উঠে নিজের গায়েও গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন অভিযুক্ত। পুলিশ জানিয়েছে, দুইজনই হাসপাতালে চিকিৎসাধীন এবং তাদের অবস্থা স্থিতিশীল। হাসপাতালে তাদের চিকিৎসা চলছে বলেও জানিয়েছে পুলিশ।

এদিকে চাঞ্চল্যকর এই ঘটনা নিয়ে বারাবাঁকির পুলিশ সুপার অনুরাগ ভাট বলেছেন, ‘শুক্রবার সকাল সাড়ে ১১টা নাগাদ আমরা খবর পাই, এক ব্যক্তি তার বাড়িতে বন্দুক নিয়ে উঠেছে। সেই খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই।

‘ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তির নিজের বাবা এবং ভাইকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছেন বলে দেখতে পাই। আমরা পৌঁছাতেই ওই ব্যক্তি নিজেকেও গুলি করেন। আটকের পর ওই ব্যক্তি নিজের স্ত্রীকে খুনের কথা স্বীকার করেছেন। ২ দিন আগে স্ত্রীকে খুন করে বাড়িতেই লুকিয়ে রেখেছিলেন তিনি। স্ত্রীর মরদেহও আমরা উদ্ধার করেছি।’

এসপি আরও বলেছেন, নারায়ণ শুক্লা পুলিশকে জানিয়েছেন, বিজয় প্রথমে অজয়কে আক্রমণ করে।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ওই ব্যক্তির স্ত্রীর নাম অঞ্জলি (২৭)। স্ত্রীর সঙ্গে নিজের ভাইয়ের পরকীয়া সম্পর্ক রয়েছে, এমন সন্দেহেই অভিযুক্ত তাদেরকে খুন করেছে বলে স্বীকার করেছে।