বৃদ্ধাকে স্কুল মাঠে ফেলে পালালো স্বজনরা

গৌরনদী প্রতিনিধি, বরিশাল।।
স্কুল মাঠে ফেলে রাখা বৃদ্ধার ঠাই হয়েছে একটি মোবাইলের টাওয়ারে। পরবর্তীতে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পরলে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, সোমবার (১৮ জুলাই) বিকেলে বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোড় একে ইনষ্টিটিউট মাঠে অজ্ঞাত পরিচয়ের বৃদ্ধা নারীকে স্কুল মাঠে কে বা কাহারা ফেলে যায়। এসময় বৃষ্টিতে ভিজে সে অসুস্থ হয়ে পরেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্কুল মাঠের পাশের একটি মোবাইল টাওয়ারের অপর এক নারীর সাথে রেখে আসেন। বৃদ্ধার স্বজনরা তাকে স্কুল মাঠে রেখে পালিয়েছে বলে তিনি (বৃদ্ধা) স্থানীয়দের জানিয়েছেন।

সরকারী কর্মচারী মোঃ শিপন জানান, ফেসবুকে বৃদ্ধার খবরটি দেখতে পেয়ে উপজেলা তথ্যসেবা কেন্দ্রের উদ্যোক্তা সরোয়ার হোসেন সহ কয়েকজন যুবকদের নিয়ে অসুস্থ অবস্থায় বৃদ্ধাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করি। এসময় বৃদ্ধা নিজেকে পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার মৃত চানমিয়ার স্ত্রী মাজেদা বেগম (৭০) বলে দাবী করেছেন। এছাড়াও শাহ আলম নামে তার একটি সন্তান রয়েছে বলে জানিয়েছেন।

মঙ্গলবার সকালে হাসপাতালের চিকিৎসক তৌকির আহম্মেদ জানান, সোমবার রাতে অসুস্থ অবস্থায় বৃদ্ধাকে হাসপাতালে নিয়ে আসা হয়। সে অনেকদিন যাবত না খেয়ে থাকার কারনে অসুস্থ হয়ে পরেছে। এখন অনেকটাই সুস্থ।