বঙ্গোপসাগরে অনুপ্রবেশ করে মাছ ধরার অভিযোগে ১৬ ভারতীয় আটক

কলাপাড়া প্রতিনিধি (পটুয়াখালী)।।
কুয়াকাটায় সংলগ্ন বঙ্গোপসাগরে অনুপ্রবেশের অভিযোগে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পায়রা বন্দরের কাছ থেকে ভারতীয় মাছ ধরার একটি ট্রলার জব্দের পাশাপাশি ১৬ জেলেকে আটক করেছে নৌবাহিনী। বুধবার (২০ জুলাই) বেলা সোয়া ১১টার দিকে নৌবাহিনীর একটি টহল দল তাঁদের আটক করে।

আটক জেলেরা হলেন ট্রলারের মাঝি হরলাল দাস (৫০), ব্রিটিশ দাস (৪৮), পংকজ দাস (২৬), রাজা দাস (২২), স্বপন দাস (৪৮), জগবন্ধু দাস (৬২), আপন দাস (৬০), হৃদয় দাস (২৭), দীপক দাস (৩০), সুনীল দাস (৪৭), জয় হরি দাস (৪৫), সত্যলাল দাস (২৫), গোপাল পাল (৩৯), হরিদাস (৩২), সমর দাস (৫০) ও রণজিৎ দে (২৪)। তাঁদের সবার বাড়ি ভারতের পশ্চিমবঙ্গে।
খোঁজ নিয়ে জানা গেছে, মাছ ধরার ভারতীয় ট্রলারটি বাংলাদেশের জলসীমার ৩৫ কিলোমিটার ভেতরে ঢুকে মাছ ধরছিল।
নৌবাহিনীর জাহাজ বিএনএস গোমতীর অধিনায়ক কমান্ডার মো. আরিফ হোসেনের নেতৃত্বে নৌবাহিনীর একটি টহল দল ভারতীয় ট্রলার জব্দের সঙ্গে সঙ্গে জেলেদের আটক করে।

নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. মমিনুর রহমান বলেন, বঙ্গোপসাগরে ৬৫ দিনের অবরোধ চলছে। ভারতীয় ট্রলারটি নিষেধাজ্ঞা উপেক্ষা করে বাংলাদেশের সমুদ্রজলসীমায় ঢুকে মাছ ধরছিল। এ সময় বঙ্গোপসাগরে টহলরত নৌবাহিনীর একটি দল তাঁদের আটক করতে সক্ষম হয়।

তিন আরও বলেন, বাংলাদেশের জলসীমায় অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক জেলেদের বিরুদ্ধে মৎস্য সংরক্ষণ আইনের ১৯৮৩ সালের ২২ (ক) ধারায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। রাতের মধ্যে জব্দ করা ট্রলারটিসহ আটক জেলেদের কলাপাড়া থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.জসিম উদ্দিন বলেন, নিষেধাজ্ঞা উপেক্ষা করে জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে দায়ে জেলেদের আটক করা হয়। এর পর জেলেদের কলাপাড়া থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হলে তাদেরকে আজ সকালে চালান দেয় হয়।