ওয়ানডে ফরম্যাটকে বাদ দিতে বললেন আকরাম

স্পোর্টস ডেস্ক।।
ওয়ানডে ক্রিকেটে এখন আর প্রাণ খুঁজে পাচ্ছেন না বলে জানিয়েছেন ওয়াসিম আকরাম। পাকিস্তানের সাবেক এই কিংবদন্তি তারকার মতে, সামর্থ্যের সর্বোচ্চটা দিয়ে এই সংস্করণে খেলেন না এখনকার ক্রিকেটাররা। তাই আন্তর্জাতিক ক্রিকেটের ক্যালেন্ডার থেকে ওয়ানডে বাদ দেওয়ার পরামর্শ দিলেন সুইং অব সুলতান খ্যাত ওয়াসিম আকরাম।

এক সাক্ষাৎকারে আকরাম বললেন, ‘আমি মনে করি, ওয়ানডে বাদ দেওয়া উচিত। ইংল্যান্ডে স্টেডিয়াম ভর্তি দর্শক থাকে। কিন্তু ভারত, বিশেষ করে পাকিস্তান, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে ক্রিকেট দেখতে স্টেডিয়ামগুলো দর্শকপূর্ণ থাকে না। তারা এটা শুধু করার জন্যই করছে।’

টি-টোয়েন্টির কারণে ওয়ানডের আগের আকর্ষণ নেই জানিয়ে আকরাম জানালেন, ‘টি-টোয়েন্টি অনেকটাই সহজ। চার ঘণ্টাতে খেলা শেষ। বিশ্বের বিভিন্ন লিগে অনেক টাকাপয়সা, আমি মনে করি এটা আধুনিক ক্রিকেটের অবিচ্ছেদ্য অংশ। টি-টোয়েন্টি কিংবা টেস্ট ক্রিকেট। ওয়ানডে ক্রিকেট মৃতপ্রায়। ওয়ানডে ক্রিকেট খেলা এখন একজন খেলোয়াড়ের জন্য ক্লান্তিকর। টি-টোয়েন্টি শুরুর পর থেকে মনে হয়, ওয়ানডে সারাদিন ধরে খেলা হচ্ছে। এজন্য ছোট ফরম্যাট টি-টোয়েন্টিকে বেছে নিতে মনোযোগী খেলোয়াড়রা।’

গত মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে ওয়ানডে ক্রিকেট বিদায় নেন বেন স্টোকস। তার হঠাৎ অবসর নিয়ে ওয়াসিম আকরাম বলেন, বেন স্টোকস ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্তটি হতাশার, তবে আমি তার পক্ষে। এমনকি ধারাভাষ্যকার হিসেবে ওয়ানডে ক্রিকেট এখন আমার কাছে বিরক্তিকর, বিশেষ করে টি-টোয়েন্টি আসার পর। আমি ক্রিকেটার হিসেবেও এটা উপলব্ধি করতে পারছি।

ক্রিকটে ইতিহাসের সেরা ওয়ানডে বোলারদের একজন ওয়াসিম। এই সংস্করণে ৫০০ উইকেট নেওয়া স্রেফ দুই বোলারের একজন তিনি। বাঁহাতি এই পেসারের উইকেট সংখ্যা ৫০২টি। তার চেয়ে বেশি উইকেট মুত্তিয়া মুরালিধরনের, ৫৩৪টি।