বরিশালে ২২ পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।।
বরিশালে সু্ষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে GST এর অন্তর্ভুক্ত ২২ পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের ভর্তি পরীক্ষা। শনিবার (৩০ জুলাই) বেলা ১২ টা থেকে ১ টা পর্যন্ত একযোগে সকল কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এতে বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্র ও সরকারি মহিলা কলেজ উপকেন্দ্রে মোট ৪ হাজার ৩৭৩ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে। বরিশাল বিশ্ববিদ্যালয়ে অংশগ্রহণ করে ৩ হাজার ৪২৪ জন শিক্ষার্থী ও সরকারি মহিলা কলেজ অংশগ্রহণ করে ৯৪৯ জন শিক্ষার্থী। পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন বলেন, এই পরীক্ষাকে ঘিরে আমরা সকল রকমের প্রস্তুতি নিয়েছি,শিক্ষার্থীদের বসার ব্যবস্থা থেকে শুরু করে যে বিষয়গুলো সামনে এসেছে সব সম্পন্ন করেছি।তিনি আরও বলেন বিগত সময়ের অভিজ্ঞতার আলোকে আমরা দেখেছি পরীক্ষার্থীদের যে ধরনের ঝামেলা কষ্ট এবং অবিভাবকদের নানা রকমের ঝামেলা লাঘব করার লক্ষ্যে গুচ্ছ ভর্তি পরীক্ষার বিকল্প নেই।

গতবছর শিক্ষার্থীরা পাঁচটি কেন্দ্রে পরীক্ষা দেয়ার পছন্দক্রম দিতে পারলেও এবার একটি কেন্দ্রকেই পছন্দক্রম দিতে পেরেছে ফলে সকল পরীক্ষার্থী তাদের পছন্দের কেন্দ্রে পরীক্ষা দিতে পেরেছে। ভর্তি পরীক্ষা বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) সু্ষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।