গৌরনদী থেকে সরকারী ব্রিজের মালামাল আটক

গৌরনদী প্রতিনিধি, বরিশাল।।
বরিশালের আগৈলঝাড়া উপজেলার চেংগুটিয়া এলাকা থেকে সরকারী ব্রিজের এংগেল রবিবার (৩১ জুলাই) বিকেলে গৌরনদীতে নিয়ে আসার সময় এলাকাবাসী আটক করেছে। খবরপেয়ে ঘটনাস্থল থেকে মালামাল উদ্দার করেছেন আগৈলঝাড়া উপজেলা প্রকৌশল দপ্তর।

স্থানীয়রা জানান, রোববার বিকেল তিনটার দিকে খাদেম নামের এক ভাঙ্গারী ব্যবসায়ী আয়রন ব্রীজের কিছু মালামাল ভ্যানে করে গৌরনদীর দিকে নিয়ে যাচ্ছিলো। পথিমধ্যে গৌরনদী উপজেলার রাজাপুর এলাকায় ওই ভাঙ্গারী ব্যবসায়ীকে ব্রীজের মালামাল কোথা থেকে নিয়ে আসা হয়েছে জানতে চাইলে সে মালামালগুলো চেংগুটিয়া থেকে নিয়ে আসা হয়েছে বলে জানান।

ভাঙ্গারী ব্যবসায়ী খাদেম বলেন, রাজিহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইলিয়াস তালুকদারের ম্যানেজার পরিচয় দিয়ে মনির হোসেন নামের এক ব্যক্তি ২৭৯ কেজি লোহার এংগেল ৪০ টাকা কেজি দরে তার কাছে বিক্রি করেছেন। লোহার এংগেল সরকারী ছিলো কিনা তা তার জানা ছিলোনা। আগৈলঝাড়া উপজেলা উপসহকারী প্রকৌশলী জাহিদুর রহমান জানান, মালামালগুলো জব্দ করে আগৈলঝাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদারের জিম্মায় রাখা হয়েছে।

এ ব্যাপারে ইউপি সদেস্য খোকন বেপারী বাদী হয়ে আগৈলঝাড়া থানায় মনির হোসেনের নামে রবিবার রাতে একটি চুরি মামলা দায়ের করেন।