শিল্পকলার বাথরুমে নিস্তেজ পড়েছিলেন শহিদুল

বিনোদন ডেস্ক।।
হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন শিল্পকলা একাডেমির অর্থ, হিসাব ও পরিকল্পনা বিভাগের উপপরিচালক (চলতি দায়িত্ব) মো. শহিদুল ইসলাম। দায়িত্বরত অবস্থায় তার মৃত্যুর খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন শিল্পকলা একাডেমির জনসংযোগ কর্মকর্তা হাসান মাহমুদ।

তিনি জানান, শনিবার (১৩ আগস্ট) বিকেলে নাট্যশালার সেমিনারকক্ষে শিল্পকলা একাডেমি আয়োজিত ‘নাট্যরচনাবিষয়ক ভাবনা বিনিময় কর্মসভা’র সমাপনী আনুষ্ঠানিকতা ছিল। সেই আয়োজন শেষ করে ৩ নম্বর মহড়া কক্ষের পাশের টয়লেটে যান শহিদুল। বেশ কিছু সময় টয়লেটের দরজা বন্ধ এবং ভেতর থেকে পানি আসছে দেখে পরিচ্ছন্নতাকর্মীরা দরজায় টোকা দেন। কিন্তু ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে ওপর দিয়ে উঁকি দিয়ে দেখেন, ভেতরে কেউ একজন নিস্তেজ হয়ে পড়ে আছেন। দরজা ভেঙে উদ্ধারের পর দেখা যায়, তিনি একাডেমির উপপরিচালক শহিদুল। পরে দ্রুত তাকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানান, হাসপাতালে নেওয়ার আগেই তিনি (শহিদুল) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন।

জানা গেছে, শহিদুলের মরদেহ সিরাজগঞ্জে গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হয়েছেন তিনি।

প্রসঙ্গত, কালচারাল অফিসার হিসেবে শিল্পকলা একাডেমিতে নিয়োগ পান শহিদুল। পরবর্তীতে তাকে অর্থ, হিসাব ও পরিকল্পনা বিভাগের উপপরিচালকের দায়িত্ব দেওয়া হয়। তার স্কুলপড়ুয়া এক কন্যাসন্তান রয়েছে।