পিরোজপুরে জাল টাকার মামলায় ৫ জনের কারাদন্ড

পিরোজপুর প্রতিনিধি।।
পিরোজপুর সদর উপজেলার মুলগ্রাম বাজারে জাল টাকা লেনদেনের মামলায় অভিযুক্ত একজনেকে ১৪ বছর ও অপর চার জনকে ৫ বছর করে কারাদন্ডের আদেশ দিয়েছে আদালতের বিচারক।

বুধবার (১৭ আগস্ট) দুপুরে পিরোজপুরের স্পেশাল ট্রাইবুনাল-২ আদালতের বিচারক এস এম ন‚রুল ইসলাম এ আদেশ দেন। আদেশে অভিযুক্ত রনি খান কে ১৪ বছরের সশ্রম কারাদন্ড ও ৩ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এছাড়া অপর অভিযুক্ত সাফা দত্ত ওরফে স্বপন, মুনান হাওলাদার, বাবু শেখ ও শাহাদাৎ পঞ্চায়ত প্রত্যেককে ৫ বছর সশ্রম কারাদন্ড ও ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

দন্ডপ্রাপ্ত রনি খান (৪০) জেলার মঠবাড়িয়ার উপজেলার বাদুরা গ্রামের মোহাম্মদ দুলাল খানের পুত্র, সাফা দত্ত ওরফে স্বপন (৪৫) সদর উপজেলার ম‚লগ্রাম এলাকার মৃত কার্তিক দত্তের পুত্র, মুনান হাওলাদার (৩৫) সদর উপজেলার ওদনকাঠী এলাকার ওয়ারেস হাওলাদারের পুত্র, বাবু শেখ (৩০) সদর উপজেলার ম‚লগ্রাম এলাকার শাহজাহান শেখের পুত্র এবং শাহাদাৎ পঞ্চায়েত (৪০) মঠবাড়িয়া উপজেলার বাদুরা এলাকার আদম আলী পঞ্চায়েতের পুত্র।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি মোঃ জহুরুল ইসলাম জানান, ২০১৬ সালের ১২ জুন পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়ন পরিষদের পাশে অভিযান চালিয়ে পুলিশ জাল টাকা লেনদেনের সময় রনি খানকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ৫০ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। তবে রনির সাথে থাকা অপর আসামী সাফা দত্ত ওরফে স্বপন, মুনান হালাদার, বাবু শেখ ও ও শাহাদাৎ পঞ্চায়েত পালিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অন্য আসামীরা জাল টাকা ও মাদক ক্রয়-বিক্রয়ের সাথে সংশ্লিষ্ট রয়েছে বলে রনি স্বীকার করে। পরে ২০১৭ সালের ১২ মে পুলিশ এ মামলার ৫ জনকে অভিযুক্ত করে আদালতের অভিযোগপত্র দাখিল করে। আদালতের বিচারক এ মামলার ছয় জন সাক্ষীর স্বাক্ষ্য শেষে বুধবার এই রায় প্রদান করেন। এ সময় আদালতে শাহাদাৎ পঞ্চায়েত ছাড়া অন্য আসামীরা পলাতক ছিলো।