বরগুনায় ছাত্রলীগের দুই গ্রুপের একই স্থানে আলোচনা সভা: ১৪৪ ধারা জারি

গোলাম কিবরিয়া, বরগুনা।।
২১ শে আগষ্ট উপলক্ষে জেলা ছাত্রলীগের দুইগ্রুপ একই স্থানে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করায় বরগুনা পৌরশহরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। বরগুনার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট শুভ্রা দাস এ আদেশ জারি করেন। রোববার (২১ আগস্ট) দুপুর ১২ হতে আগামী ২৪ ঘন্টার এ আদেশ জারি করা হয়। এ ঘটনায় শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের টহল জোরদার করা হয়।

একটি আদেশ বিজ্ঞপ্তিতে শুভ্রা দাস জানান, বরগুনা ছাত্রলীগের নবগঠিত সভাপতি মোঃ রেজাউল করিম রেজা এবং সাধারণ সম্পাদক পদে তৌশিকুর রহমান ইমরান দ্বয়ের নেতৃত্বে ২১ আগস্ট ২০২২ তারিখ ১৫:০০ ঘটিকায় বরগুনা সরকারি কলেজে ও পৌর শহর এলাকায় আলোচনা সভা ও মিলাদ মাহফিল আয়োজন করা হবে। অন্যদিকে বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি পদ বঞ্চিত (বর্তমান জেলা ছাত্রলীগ কমিটির সিনিয়র সহ-সভাপতি) মোঃ সবুজ মোল্লা এবং যুগ্ম সাধারণ সম্পাদক রাজ আরিয়ান বিশাল দ্বয়ের নেতৃত্বে একই একই স্থানে একই তারিখ ও সময়ে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হবে। এ দুই গ্রুপে অনুমান ৪০০/৫০০ জন নেতা কর্মী উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে মর্মে পুলিশ সুপার, জেলা বিশেষ শাখা বরগুনা এর ২৩.০৮.২০২২ তারিখের ডিএসবি/বরঃ ৩১ ৮৪/৩০০৭ নং স্মারকে অবহিত করেছে ।

তিনি আরো জানান, দুই গ্রুপের সভা সমাবেশকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে বিশৃঙ্খলা, মারামারি ও জান মালের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে বিধায় সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণের লক্ষ্যে ফৌজদারি কার্যবিধি আইনের ১৪৪ ধারা জারি করা হয়েছে।
তিনি আরো জানান, আজ দুপুর ১২:০০টা হতে পরবর্তী ২৪ ঘন্টা পর্যন্ত বরগুনা সরকারি কলেজসহ সমগ্র পৌর এলাকায় ফৌজদারি কার্যবিধি আইনের ১৪৪ ধারা জারি করা হয়েছে। একই সাথে উক্ত এলাকায় সকল প্রকার সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে ।