বেশি মূল্যে সার বিক্রি, চার বিক্রেতাকে জরিমানা

ওবায়দুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের গৌরীপুরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করায় ও মূল্য তালিকা প্রদর্শন না করায় চার খুচরা সার বিক্রেতাকে ভ্রাম্যমান আদালতের ১৩ হাজার টাকা জরিমানা। সোমবার (২৯ আগষ্ট) বিকালে পৃথক পৃথক ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনার বিষয়টি ও চার সার বিক্রেতাকে তের হাজার টাকা জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ।

গৌরীপুর পৌর শহরের মাছ বাজার এলাকার সার বিক্রেতা মোঃ চান মিয়াকে চার হাজার টাকা ও উপজেলার শাহগঞ্জ বাজারের বিক্রেতা আল-আমিনকে তিন হাজার টাকা জরিমান করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ।

রামগোপালপুর ও কলতাপাড়া বাজারে পৃথক অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মোসা. নিকহাত আরা। এ অভিযানের সময় বেশি দামে বিক্রি ও মূল্য তালিকা না থাকায় সংশ্লিষ্ট আইনে মোঃ জামাল ও ফিরোজ মিয়াকে তিন হাজার করে ছয় হাজার টাকা জরিমানা করেন।

ভ্রাম্যমান আদালত সকল ডিলারের দোকানে স্টক, রেজিষ্ট্রার, ভাউচার নিরীক্ষা করা হয়, রশিদ ছাড়া সার বিক্রয় না করতে সতর্ক করা ও উপস্থিত ক্রেতা-জনসাধারণকে সচেতন করা হয়।

এ সময় গৌরীপুর উপজেলা কৃষি অফিসার লুৎফুন্নাহার লিপি, সংশ্লিষ্ট ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ ও গৌরীপুর থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ বলেন, জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।