পাথরঘাটায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্রলীগের হামলা, আহত ৬

পাথরঘাটা প্রতিনিধি, বরগুনা।।
বরগুনার পাথরঘাটায় পুলিশ প্রহরায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের সময় পাথরঘাটায় ছাত্রলীগের নেতাকর্মীরা বিএনপি নেতাকর্মীদের উপর হামলা করেন। এ ঘটনায় ৬ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে বিএনপির পাথরঘাটা দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। আহতদেরকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

আহতরা হলো- উপজেলার রায়হানপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, পাথরঘাটা উপজেলা যুবদলের আহবায়ক জসিম উদ্দিন রানা, উপজেলা য্বুদলের যুগ্ন আহবায়ক সোহেল পহলান, বিএনপি নেতা আব্দুস ছালাম, মো. হিরু মিয়া ও গোলাম সরোয়ার।

জানা গেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের জন্য বিএনপি ও তাদের অঙ্গসংগঠনের নেতৃবৃন্ধ উপজেলা দলীয় কার্যালয়েরে সামনে আবস্থান করছেন। পাথরঘাটা পৌর ছাত্রলীগের সভাপতি আহমেদ শাহজাদা, পাথরঘাটা কলেজ ছাত্রলীগের সভাপতি নাইমুল রাব্বির নেতৃত্বে একদল ছাত্রলীগের নেতাকর্মীরা বিএনপির নেতাকর্মীদের উপর হামলা শুরু করেন। এসময় পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে বিএনপির আলোচনা সভা ও অন্যান্য কর্মসূচী পালিত হয়।

পাথরঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী মো. ফারুক জানান, তারা দলীয় কার্যালয়ে শান্তিপূর্ণভাবে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছিলেন। এসময় ছাত্রলীগের উশৃঙ্খল কিছু সন্ত্রাসী তাদের অফিসে নেতাকর্মীদের উপর কয়েক দফায় অতর্কিত হামলা চালায়। এতে প্রায় ৬ জন নেতাকর্মী আহত হয়। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

পাথরঘাটা পৌর ছাত্রলীগের সভাপতি আহমেদ শাহজাদা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বাজে মন্তব্য করার কারন জানতেই আমারা সেখানে অবস্থান নেই। এর চেয়ে বেশি কিছু হয়নি।

এবিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালনের জন্য যে কোনো ধরনের সহিংসতা নিয়ন্ত্রণে রাখতে সকাল থেকেই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিএনপির অফিসের সামনে হাতাহাতির ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে পুলিশ একপক্ষকে সরিয়ে দেয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।