আগৈলঝাড়ায় মাদকসেবী যুবককে কারাদন্ড

আগৈলঝাড়া প্রতিনিধি।।
বরিশালের আগৈলঝাড়ায় গাঁজা সেবন করে পিতা-মাতাকে মারধরের অপরাধে বখাটে ছেলেকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছে ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন।

থানা পুলিশের সহায়তায় শনিবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে নয়টার দিকে উপজেলার রাজিহার ইউনিয়নের ভালুকশী গ্রামে উপস্থিত হয়ে গঁাজা সেবনরত অবস্থায় হাতেনাতে বখাটে ছেলেকে আটক করে বিচারক এই সাজার রায় প্রদান করেন।

তিন মাসের সাজাপ্রাপ্ত আসামি ভালুকশী গ্রামের কাজী সাইফুল ইসলামের ছেলে কাজী সানোয়ার হোসেন শুভ (২৬)। আদালতের বিচারক মো. সাখাওয়াত হোসেন জানান, অভিযুক্ত সানোয়ার নিয়মিত মাদক সেবন করে আসছিলো। মাদক সেবনে তার পরিবারের সদস্যরা বঁাধা দেয়ায় সে পরিবারের সদস্যদের প্রায় সময়ই মারধর করত।

পিতা কাজী সাইফুল ইসলামের লিখিত অভিযোগের ভিত্তিতে শনিবার রাতে আগৈলঝাড়া থানার উপপরিদর্শক নুরে আলম সিদ্দিক, আলী হোসেন, তারিকুল ইসলাম, আবু সালেহসহ সঙ্গিয় ফোর্স অভিযান চালিয়ে নিজ ঘরে গঁাজা সেবনরত অবস্থায় সানোয়ারকে আটক করে।

আটক সানোয়ার ভ্রাম্যমান আদালতের বিচারকের কাছে নিজের দোষ স্বীকার করায় বিচারক তাকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ প্রদান করেন। সাজাপ্রাপ্ত সানোয়ারকে গতকাল রোববার সকালে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরন করা হয়েছে।