কলাপাড়ায় ট্রলির ধাক্কায় নিহত ২, আহত ৬

কলাপাড়া প্রতিনিধি, পটুয়াখালী।।
পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলার বালীয়াতলী ইউনিয়নের মুসুল্লিয়াবাদ এলাকায় ট্রলির ধাক্কায় অটোরিকশায় থাকা শিশু জিহাদ(১০) ও মিম (১২) নিহত হয়েছে। শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন ছয় জন। এর মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

অটো ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে মুক্তি বেগম (৪৮) এর দুই পা বিচ্ছিন্ন ও ছোট ছেলে জুনায়েত (৭) মৃত্যু সাথে পাঞ্জা লড়ছে। বর্তমানে বরিশালে সেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাদের বাড়ী উপজেলা ধানখালী ইউনিয়নের মচিরবুনিয়া গ্রামে। একই পরিবারের পাঁচ জন আহত হয়েছেন- জাহানারা বেগম (৬৫), নুরমোহাম্মদ (৪০) অটোরিকশার ড্রাইভার। দুই জনের নাম এখনও জানা যায়নি।

বালীয়াতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবি এম হুমায়ূন কবির জানান, দুপুরে মুসুল্লিয়াবাদ এলাকায় অটোরিকশাকে ধাক্কা দেয় একটি ট্রলি। এতে শিশুসহ আটজন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে শিশু জিহাদকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বরিশালে সেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন মিম (১২) নিহত হয়েছে।

কলাপাড়া থানার ওসি মো. জসিম উদ্দিন বলেন, এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।