বামনার মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

গোলাম কিবরিয়া, বরগুনা।।
বরগুনার বামনা উপজেলার বেগম ফজিলাতুন্নেছা মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মহসিন কবিরের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে কলেজ পরিচালনা কমিটি। রবিবার (২৫ সেপ্টেম্বর) বেলা ৩ টায় বরগুনা সাংবাদিক ইউনিয়নের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

পরিচালনা কমিটির হয়ে সংবাদ সম্মেলন করেন বেগম ফায়জুন্নেসা মহিলা ডিগ্রী কলেজের সভাপতি সৈয়দ বজলুল গাফফার জায়গাম আহসান। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, কলেজের নিজস্ব আয় ছাত্রী ভর্তি ফিস পরীক্ষার ফিস ফরম ফিলাপের ফিস প্রবেশপত্র ও প্রশংসাপত্র প্রদানে নির্ধারিত টাকার বাহিরে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করেছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহসিন কবির।এসব টাকা কলেজের ব্যাংক একাউন্টে জমা না করে আত্মসাৎ করেছেন মহাসিন কবির।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ২০১৯ সালে আমি এই কলেজের সভাপতি মনোনীত হই৷ আমি সভাপতি হওয়ার পর বিগত ৩ বছরে কলেজের অবকাঠামো উন্নয়ন, ক্যাম্পাসের সৌন্দর্য বৃদ্ধি, ছাত্রী নিবাস সংস্কারসহ নানান উন্নয়ন মুখী কাজে ব্যাক্তিগত তহবিল থেকে ৮ লাখ টাকারও বেশি অনুদান প্রদান করি৷ আমি সভাপতির দায়িত্ব গ্রহনের সময় কলেজ তহবিলে ৫০০ টাকা পেয়েছি৷ সেখানে তহবিল বৃদ্ধি করে কলেজের নিজস্ব তহবিলের সাথে ৩ লাখ টাকা ব্যাক্তিগত অনুদান দিয়ে মোট ১১ লাখ টাকার এফডিআর ক্রয় করি।

তিনি আরও বলেন, কলেজের শিক্ষক-কর্মচারীরা গভর্নিং বডির সঙ্গে আলোচনা না করেই ছাত্রদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করে আত্মাসাৎ করে। গভর্নিং বডি এতে বাধা দিলেও তাদের কথা শুনেননি মহসিন কবির।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, কলেজ গভার্নিং বডির সদস্য মো: রফিকুল ইসলাম, পরিমল চন্দ্র কর্মকার, সৈয়দ মুশফিকুর রহমান কুতুল ইসলাম আকিল,মো: আবুল কালাম আজাদ, আহরাম আহসান প্রমুখ।