ভাগ্যের চাকা ঘুরাতে প্রবাসে পাড়ি: দেশ ফিরলেন লাশ হয়ে

এএসএম জসিম, পাথরঘাটা (বরগুনা)।।
ভাগ্যের চাকা ঘোরাতে ভিটাবাড়িসহ সকল জমি বিক্রি করে ভাগ্যের চাকা ঘোরাতে জাকির হোসেন (৪২) নামের এক যুবক পাড়ি জমান সৌদি আরবে। সেখানে গিয়ে কাজে যোগদানের ৩ দিন পর অসুস্থ হয়ে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। পরে সোমবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৯ টার দিকে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় জাকির হোসেনের।

এর আগে গত ১৪ সেপ্টেম্বর সৌদি সময় বেলা ১১টার দিকে একটি হাসপাতালে জাকিরের মৃত্যু হয় এবং রবিবার সকালে সৌদি আরবে একটি ফ্লাইটে তার লাশ ঢাকা আন্তর্জাতিক শাহ জালাল বিমান বন্দরে পৌঁছায়। জাকির হোসেন বরগুনার পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের বাদুরতলা এলাকার মৃত্যু আবুল হোসেন মুসুল্লির বড় ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৯ আগস্ট জাকির হোসেন নিজের ভিটাবাড়িসহ সকল জমি বিক্রি করে জীবিকার তাগিদে সৌদি আরবে পারি জমান। এর কয়েকদিন পরে ৭ সেপ্টেম্বর অসুস্থ হয়ে পড়লে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৪ সেপ্টেম্বর মারা যায়।

সৌদিতে আবস্থানরত প্রবাসী মো. ইলিয়াছ মিয়া মুঠোফোনে জানান, জাকির হোসেন দালালের খপ্পরে পড়লে ৩ লাখ ২০ হাজার টাকার ভিসায় ৫ লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে। তিনি তার বাড়ির সমস্ত জমিজমা বিক্রি করে সৌদি এসেছে। অতিরিক্ত দুশ্চিন্তায় অসুস্থ হয়ে ব্রেনস্ট্রোক করেছেন বলে চিকিৎসকের বরাত দিয়ে সৌদি আরবে অবস্থানরত ইলিয়াস মিয়া জানান।

জাকির হোসেনের ছোট ভাই ইব্রাহিম খলিল জানান, গত রোববার বেলা ১১ টার দিকে তার ভাইয়ের মরদেহ দেশে এসেছে। পরে সোমবার সকাল ৯টার সময় তাদের বাড়িতে জানাযা শেষে বাবার কবরের পাশে দাফন করা হয়।

পাথরঘাটা সদর ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর হোসেন জানান, বিষয়টি দুঃখজনক, জাকির হোসেনের পরিবার খুবই গরিব। তার যতটুকু সম্পদ ছিল সবই বিক্রি করে সৌদি আরবে যান। সেখানেও সে লাশ হয়ে ফিরেছেন। এখন আর কিছুই তাদের রইলো না। যারা এই দালালি করে জাকিরের পরিবারকে নিশ্ব করেছে তাদেরকে আইনের আওতায় এনে বিচারের দাবি জানাচ্ছি।