ছাগলের জন্য ঘাস কাটাকে কেন্দ্র করে সন্ত্রাসীদের হাতে নারী খুন: আহত ৪

গৌরনদী প্রতিনিধি, বরিশাল।।
ছাগলের জন্য জমির পাশ থেকে ঘাস কাটাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরধরে এক প্রবাসীর স্বজনদের ভাড়াটিয়া সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে এক নারী নিহত ও কমপক্ষে চারজন আহত হয়েছেন। এসময় একটি বসত ঘরে হামলা চালিয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে।

ঘটনাটি ঘটেছে বুধবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের বংকুরা গ্রামে। নিহত শুকরন বিবি (৫৫) ওই গ্রামের ভ্যানচালক হারুন তালুকদারের স্ত্রী। সন্ত্রাসী হামলায় আহত মিনারা বেগম (৪০), শিল্পী বেগম (৪০), আবু হানিফ (২২) ও হামলা ঠেকাতে গিয়ে আহত মাজেদ সরদারকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতের ছেলে লিটন তালুকদার বলেন, একই গ্রামের বারেক বেপারীর জমির পাশ থেকে ঘাস কাটার অভিযোগে আমার বাবা হারুন তালুকদার ও মামা দুলাল বয়াতীর সাথে মঙ্গলবার বিকেলে বারেকের স্বজনদের বাগ্বিতন্ডা হয়। ওই ঘটনার জেরধরে বারেক বেপারীর স্বজনরা আশোকাঠী, চন্দ্রহার ও বাটাজোর এলাকা থেকে সন্ত্রাসী ভাড়া করে বুধবার রাতে আমাদের বসত ঘরে হামলা চালায়।

নিহতের স্বজন ও ঘটনার প্রত্যক্ষদর্শী ডালি বেগম, আসমা বেগম, শিল্পী বেগম জানান, হামলার একপর্যায়ে আশোকাঠী এলাকার ভাড়াটিয়া সন্ত্রাসী জিয়া, নাসির ও স্থানীয় জুয়েল ধারালো অস্ত্র দিয়ে শুকরন বিবিকে কুপিয়ে হত্যা করেছে।

বৃহস্পতিবার দুপুরে গৌরনদী মডেল থানার ওসি তদন্ত হেলাল উদ্দিন জানান, এ ঘটনায় নিহতের ভাইয়ের ছেলে বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৫/৬ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেছেন। তিনি আরও জানান, অভিযুক্তদের গ্রেফতারের জন্য ঘটনার পর পরই পুলিশ অভিযান শুরু করেছে। এছাড়াও বৃহস্পতিবার সকালে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, এরপূর্বে সন্ত্রাসী জিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি কালিয়া দমন গুহর কনিষ্ঠ ছেলে যুবলীগ নেতা সলিল গুহ পিন্টুকে হত্যার উদ্দেশ্যে প্রকাশ্যে কুপিয়ে মারাত্মক জখম করে। সম্প্রতি সময়ের ইউপি নির্বাচনে বাটাজোর ইউনিয়নের এক প্রার্থীর পক্ষে সন্ত্রাসী জিয়া ও তার সহযোগীদের বিরুদ্ধে ভাড়াটিয়া সন্ত্রাসী হিসেবে গিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে। এছাড়াও গৌরনদী উপজেলা হাসপাতালের সামনে তার (জিয়া) নামেমাত্র প্যাথলজি ব্যবসার জন্য হাসপাতালের চিকিৎসকদের জিম্মি করে রাখার একাধিক অভিযোগ রয়েছে। এলাকাবাসী সন্ত্রাসী জিয়াকে অনতিবিলম্বে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।