দুই দেশকে বিশ্বকাপের দাবিদার বললেন মেসি

স্পোর্টস ডেস্ক।।
ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর মাত্র মাস খানেক বাকি। ‘দ্যা গ্রেটেস্ট শো অন দ্যা আর্থ’ যত ঘনিয়ে আসছে উত্তেজনার পারদও ক্রমেই বেড়ে চলেছে।

কে জিতবে বিশ্বকাপ, কারা খেলবে ফাইনাল, হট ফেবারিট কারা এসব বিষয়ে জল্পনা তুঙ্গে। এরই মধ্যে স্পেনের কোচ লুইস এনরিকে, ইতালির কোচ রবার্তো মানচিনিসহ অনেকেই এবারের বিশ্বকাপে আর্জেন্টিনাকেই এগিয়ে রাখছেন।

তারা বলছেন, এবারের বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা। অথচ আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি মাটিতেই পা রাখলেন। নিজেদেরকে বিশ্বকাপের দাবিদার তো দূরের কথা ফেবারিটের তালিকাতেই রাখেননি। উল্টো চির প্রতিদ্বন্দ্বীদেরকেই এগিয়ে রাখলেন মেসি।

আর্জেন্টাইন তারকার চোখে এবারের বিশ্বকাপের বড় দাবিদার ব্রাজিল। একই তালিকায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সকেও জায়গা দিয়েছেন সাতবারের ব্যালন ডিঅরজয়ী তারকা।

বিশ্বকাপের ফেবারিট কারা? সাক্ষাতকারে এমন এক প্রশ্নের জবাবে পাঁচ দলের নাম বলেছেন মেসি। তার ফেবারিট দলের তালিকায় আছে ব্রাজিল, ফ্রান্স, ইংল্যান্ড, জার্মানি ও স্পেন।

তিনি বলেন, আমার মতে বড় দলগুলো যেমন ব্রাজিল, জার্মানি, ফ্রান্স, ইংল্যান্ড এবং স্পেন এরাই বিশ্বকাপে ফেবারিট। আমি হয়তো অন্য বড় দলের নাম ভুলেও যেতে পারি। তবে আমাকে যদি একটা বা দুটা দলের নাম বলতে বলেন, তা হলে আমি বলব ব্রাজিল ও ফ্রান্স এবারের বিশ্বকাপের সবচেয়ে বড় দাবিদার।

এদিকে বিশ্বকাপের আগে চোট সমস্যা ব্যাপক ভাবাচ্ছে আর্জেন্টিনাকে। চোটের কারণে অনেকটা অনিশ্চিত দলের দুই তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া ও পাওলো দিবালার বিশ্বকাপ। বিষয়টি নিয়ে চিন্তিত অধিনায়ক মেসিও।