পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে চাচাত ভাইদের হামলায় যুবক নিহত

গৌরনদী প্রতিনিধি, বরিশাল।।
গৌরনদীতে যৌথ মালিকানাধীন পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে চাচাত ভাইদের হামলায় সুমন হাওলাদার নামে এক যুবক চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২২ অক্টোবর) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু বরন করেছে। উপজেলার মাহিলাড়া ইউনিয়নের উত্তর বিল্লগ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতর স্ত্রী সুলতানা বেগম বাদি হয়ে ৫ জনের নামোল্লেখসহ আরো অজ্ঞাতনামা ৪ জনকে আসামি করে মামলা দায়ের করেছে।

মামলার এজাহারের বরাদ দিয়ে গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন জানান, গত শুক্রবার সকালে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষ চাচাত ভাই জাফর হাওলাদার, ইদ্রিস হাওলাদারসহ অন্যান্যরা সুমনের উপর অর্তকিত হামলা চালিয়ে গুরুতর জখম করে। সুমনের আত্মচিৎকারের তার স্ত্রী ও মামলার বাদি সুলতানা বেগম এগিয়ে আসলে তাকেও মারধর করে ব্যবহৃত স্বর্ণলংকার লুট করে নিয়ে যায়। প্রতিবেশীরা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির সময় সে মারা যায়।