গৌরনদীতে স্কুলছাত্রী অপহরণের ২১ মাস পর ঢাকায় উদ্ধার

গৌরনদী প্রতিনিধি, বরিশাল।।
অপহরণের ২১ মাস পর বরিশালের গৌরনদীর অপহৃত স্কুলছাত্রী (১৬)কে উদ্ধার ও অপহরণকারী সুশান্ত শিয়ালী (২৯)কে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা মহানগরীর মিরপুর-১০ এলাকা থেকে অপহৃতাকে উদ্ধার ও এক অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়। সে (সুশান্ত) উপজেলার বছার গ্রামের সুনীল শিয়ালীর ছেলে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও গৌরনদী থানার এসআই মো. রেদোয়ান জানান, গোপণ সংবাদের ভিত্তিতে তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে ঢাকা মহানগরীর মিরপুর থানা পুলিশের সহযোগীতায় শনিবার মিরপুর-১০ এলাকার একটি বাসায় অভিযান চালায়। এ সময় ওই বাসা থেকে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার (১৬) ও অপহরণকারী সুশান্ত শিয়ালী (২৯)কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সুশান্ত শিয়ালীকে বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালতে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ২২ ধারায় জবানবিন্দর জন্য উদ্ধারকৃত ভিকটিমকে বরিশাল আদালতে পাঠানো হলে আাদালত ভিকটিমকে বরিশাল ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। ভিকটিমের ডাক্তারী পরীক্ষার জন্য আদালতে আবেদন করা হয়েছে। আদালতের নির্দেশে ভিকটিম সাপোর্ট সেন্টার থেকে ভিকটিমকে এনে আদালত ২২ ধারায় ভিকটিমের জবানবন্দি গ্রহণ করবেন এবং বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভিকটিমের ডাক্তারী পরীক্ষাও সম্পন্ন করা হবে বলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. রেদওয়ান জানান।

উল্লেখ্য, উপজেলার বছার গ্রামের দশম শ্রেণীর ছাত্রী (১৫) ২০২১ সালের ২৩ জানুয়ারি সকালে মাহিলাড়া মাধ্যমিক বিদ্যালয়ে যাওয়ার পথিমধ্যে বখাটে সুশান্ত শিয়ালীর নেতৃত্বে ৮/১০ সহযোগী ওই ছাত্রীর পথরোধ করে। এ সময় তারা জোরপূর্বক ওই ছাত্রীকে থ্রি হুইলারে তুলে অপহরণ করে নিয়ে যায়। এ ব্যাপারে ভিকটিমের মা বাদি হয়ে ৪ জনের নামোল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৪/৫ জনকে আসামি করে ওই মাসের ২৯ জানুয়ারি গৌরনদী থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।