বরিশালে হঠাৎ সক্রিয় আ.লীগ, মিছিল শোডাউন

রূপালী ডেস্ক।।
বরিশালে কয়েকশ মোটরসাইকেলের বহর নিয়ে শোডাউন করেছে ছাত্রলীগ। এছাড়া দুপুরে শ্রমিক লীগ ও রাতে মহানগর আওয়ামী লীগের এক নেতার নেতৃত্বে মিছিল সমাবেশ হয়েছে নগরে।

দলীয় কর্মসূচি অনুযায়ী এসব করা হচ্ছে বলে দাবি আওয়ামী লীগ নেতাদের। তবে বিএনপি বলছে, ৫ নভেম্বরের গণসমাবেশ বানচাল করতে ও জনমনে ভয় সৃষ্টি করতে এসব কর্মসূচি পালন করছে আওয়ামী লীগ।

গণসমাবেশ সফলে প্রতিদিন গণসংযোগ, লিফলেট বিতরণ ও প্রস্তুতিসভা করছে বিএনপি নেতাকর্মীরা। এরই মধ্যে সোমবার থেকে নগরীতে সক্রিয় হয়ে উঠেছে আওয়ামী লীগ। মূল দলের কার্যক্রম না থাকলেও প্রতিদিন সন্ধ্যায় যুবলীগের উদ্যোগে বিভিন্ন ওয়ার্ডে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে মিছিল সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।

বুধবার (০২ নভেম্বর) সন্ধ্যায় নগরীতে মোটরসাইকেলের বিশাল বহর নিয়ে শোডাউন করেছেন মহানগর ছাত্রলীগের আহ্বায়ক রইস আহম্মেদ মান্না। এর আগে দুপুরে সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক পরিমল চন্দ্র দাসের নেতৃত্বে নগর প্রদক্ষিণ করে একটি মিছিল। রাতে নগরীর বিভিন্ন ওয়ার্ডে মিছিল করেছেন যুবলীগের কর্মীরা।

এছাড়া মহানগর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক নিরব হোসেন টুটুলের নেতৃত্বে রাতে আরও একটি মিছিল হয়েছে।

মহানগর ছাত্রলীগের আহ্বায়ক রইস আহম্মেদ মান্না বলেন, গণসমাবেশের নামে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে বিএনপি। বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর শান্তির নগর। এখানে যাতে কোনো বিশৃঙ্খলা না হয় সেজন্য মোটরসাইকেলের বহর নিয়ে শান্তি র‌্যালি করেছি।

মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক পরিমল দাস বলেন, আগামী ২২ ডিসেম্বর ঢাকায় আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন। এ সম্মেলনের শৃঙ্খলা উপ-কমিটির আহ্বায়ক করা হয়েছে আবুল হাসানাত আব্দুল্লাহ এমপিকে। এজন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মিছিল করেছি আমরা।

যুবলীগ মহানগর কমিটির আহ্বায়ক কমিটির সদস্য বিসিসির ওয়ার্ড কাউন্সিলর শেখ সাঈদ আহম্মেদ মান্না বলেন, যুবলীগের রজতজয়ন্তী উপলক্ষ্যে ১১ ডিসেম্বর ঢাকায় হবে যুব মহাসমাবেশ। সেই কর্মসূচি সফলে মিছিল সমাবেশ করছি আমরা। ১০ নভেম্বর পর্যন্ত এই কর্মসূচি চলবে।

গণসমাবেশ বানচালে এসব করা হচ্ছে অভিযোগ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেন, বিভাগীয় গণসমাবেশ যাতে ব্যর্থ হয় তার সব রকম চেষ্টাই করছে ক্ষমতাসীন দল। সেই চেষ্টার পুরোটাই করা হচ্ছে অগণতান্ত্রিক পন্থায়।

বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর বলেন, তারা (বিএনপি) তাদের কর্মসূচি করছে আমরা আমাদেরটা। এখানে বিএনপির সমাবেশ বানচাল চেষ্টার প্রশ্ন আসছে কেন? তারা বলুক যে আমরা তাদের কোনো কর্মসূচিতে বাধা দিয়েছি? এখন তাদের কর্মসূচি আছে বলে কি আমরা আমাদের সব কর্মসূচি বন্ধ রাখব?