ভান্ডারিয়ায় লুটপাট: আ’লীগ নেতা সহ গ্রেফতার ২

ভান্ডারিয়া প্রতিনিধি।।
লুটপাটের দ্বায়ে পিরোজপুরের ভান্ডারিয়াউপজেলার ধাওয়া ইউনিয়ন ৯ নং ওয়ার্ড আ’লীগ সভাপতি দুলাল সরদার সহ তার এক সহযোগী গ্রেফতার হয়েছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ নাফী আল আমিন বাদী হয়ে ২ নভেম্বর রাতে ভান্ডারিয়া থানায় একটি লুটপাটের মামলা দায়ের করলে ভান্ডারিয়া থানা পুলিশ তাদের দুজনকে ওই রাতে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন- আজিজ সরদারের ছেলে দুলাল সরদার (৪৭) ও হোসেন খানের ছেলে সোলায়মান খান (৪৫)। তাদের উভয় ব্যক্তির বাড়ি উপজেলার ধাওয়া ইউনিয়নের পূর্ব পশারীবুনিয়া গ্রামে।

ভান্ডারিয়া থানার উপ-পরিদর্শক জিয়া জানান, গ্রেফতারকৃত দুজনকে বৃহস্পতিবার জেল হাজতে পাঠানো হয়েছে। শনিবার ভূক্তভোগী নাফী আল আমিন বলেন, উপজেলার পশারীবুনিয়া গ্রামের দুলাল সরদার (৪৭), সোলায়মান খান (৪৫), মধু সরদার (৪০),রাসেল সরদার (২৫), জাহিদ খান (২০), সুমন মিস্ত্রী (৩৫) সহ অরো ১০/১২ জন ব্যক্তিরা দেশিয় অস্ত্রসস্ত্র নিয়ে গত ১ নভেম্বর গভীর রাতে একই গ্রামের আমাদের সীমানার ভেড়া ও কাঠের একটি ঘর ভাংচুর করে ৫০ হাজার টাকা ক্ষতি করে এবং ১০ বস্তা শুকনা সুপারী ও একটি মুদি দোকান ঘর ভেঙে প্রায় ১ লাখ টাকার মালামাল লুটপাট করে একটি স্টিল বডি ট্রলারে করে নিয়ে যায়।

নাফী আরো বলেন, লুটপাটের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমরা প্রতিবাদের চেষ্টা করলে তারা আমাদের হত্যার চেষ্টা করে। এ সময় ডাকচিৎকার করলে আসামীরা ঘটনাস্থল থেকে জীবন নাশের হুমকি দিয়ে তারাতারি চলে যায়। উপজেলার ধাওয়া ইউনিয়ন আ’লীগের প্রচার সম্পাদক এনায়েত হোসেন জানান, দুলাল সরদার ৯ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি। তিনি কোন মামলায় জেলে গেছে তা জানি না।