ঝালকাঠিতে ৩ সন্তানের জন্ম দিয়ে দুশ্চিন্তায় মা

অনলাইন ডেস্ক।।
ঝালকাঠিতে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন এক মা। মঙ্গলবার (০৮ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে জেলার রাজাপুর উপজেলার চাড়াখালী গ্রামের নানা বাড়িতে এ তিন শিশুর জন্ম হয়। কোন প্রকার অস্ত্রোপচার ছাড়াই একসাথে এ তিন শিশুর জন্ম দেন নাজমিন বেগম নামের ওই মা। নবজাতক তিনজনই ছেলে। মা ও শিশুরা সবাই সুস্থ রয়েছে বলে স্বজনরা জানান।

নাজমিন পার্শ্ববর্তী পিরোজপুর জেলা সদরের হুলারহাট এলাকার মো. ইউনুস হাওলাদারের ২য় স্ত্রী। তার বাবার বাড়ি রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের চাড়াখালী গ্রামে।

নাজমিন বেগমের ভাই হাফেজ জমাদ্দার জানান, পাঁচ বছর আগে পার্শ্ববর্তী পিরোজপুর জেলা সদরের হুলারহাট এলাকার মো. ইউনুস হাওলাদারের সাথে নাজমিনের বিবাহ হয়। ইউনুস পেশায় একজন রিকশা চালক। বিয়ের কয়েক মাসের মধ্যে নাজমিন জানতে পারে তার স্বামীর আগের একটি বিয়ে রয়েছে। সেই থেকে নাজমিন তার বাবার বাড়িতেই থাকেন। ইউনুস সেখানে আসা যাওয়া করেন। তার অন্তঃসত্ত্বা অবস্থায় বাবা হারুণ ভিক্ষা করে তাদের খরচ চালিয়ে আসছেন।

মঙ্গলবার রাতে হঠাৎ প্রসব ব্যথা উঠলে বাড়িতেই স্বাভাবিক প্রসবে তিন সন্তানের জন্ম হয়। তিনজনই পুত্র সন্তান।

নাজমিনের ভাই মো. হাফেজ জমাদ্দার আরও বলেন, আমি একসঙ্গে তিন ভাগ্নের মামা হয়েছি। বোনের তিন নবজাতকের জন্মের খরব এলাকায় ছড়িয়ে পড়লে সকাল থেকেই এলাকার লোকজন দেখতে আসছেন।

নাজমিনের বাবা মো. হারুন জমাদ্দার বলেন, আমি অসুস্থ মানুষ, এক বছর আগে আমার পা ভেঙ্গে গেছে। পায়ে রড দেয়া রয়েছে। লোকজনের কাছ থেকে হাত পেয়ে যা পাই তা দিয়ে কোন রকম চলি।এখন একসঙ্গে তিন নাতির নানা হয়েছি। কিভাবে তাদের চালাবো চিন্তা করতেছি। নাতিদের জন্মের খরব পেয়েও তাদের বাবা এখন পর্যন্ত কোন খোঁজ খবর নেয়নি।