মির্জাগঞ্জে বিএনপির কমিটি গঠনে অনিয়মের অভিযোগ

মির্জাগঞ্জ প্রতিনিধি (পটুয়াখালী)।।
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক ইরানি জাহাঙ্গীরের বিরুদ্ধে কাউন্সিলরদেরকে হুমকির দিয়ে অনৈতিক অর্থ লেনদেন করে নির্বাচিত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (১৪ নভেম্বর) দুপুরে ওই ইউনিয়নের সাবেক সদস্য সচিব এস এম রাসেল মোল্লা উপজেলা বিএনপির বরাবর একটি লিখিত অভিযোগ করেন।

ভুক্তভোগী ও অভিযোগ থেকে জানা যায়, উপজেলা বিএনপি’র সিদ্ধান্ত অনুসারে ১৪ অক্টোবর সকালে বিএনপি’র ইউনিয়নের কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। স্থানীয় আওয়ামী লীগের একাংশ দিয়ে বিএনপি’র নেতাকর্মী ও কাউন্সিলরদের হুমকি ধামকি ঐদিন কাউন্সিল স্থগিত করে। পরের দিন কাউন্সিলের তারিখ নির্ধারিত হলে রাতের আঁধারে তার ছেলে রাজিব আহমেদ রাজু ও সাম্প্রতি অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে নৌকার সমর্থন করা সাব্বির হোসেন ইসমাইলকে নিয়ে কাউন্সিলরদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিয়ে অবৈধ টাকা নিয়ে ইরানি জাহাঙ্গীরকে ভোট দিতে বলে। ১৫ অক্টোবর কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার পরে ইসমাইল হোসেন সাব্বির ও রাজীব আহমেদ রাজুর অনৈতিক অর্থ লেনদেন হুমকি ধামকির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এতে স্থানীয় নেতাকর্মীদের মাঝে বিরূপ প্রতিক ক্রিয়ার সৃষ্টি হয়।

টাকা দিয়ে ভোট ক্রয়ের বিষয়ে জানতে ইরানি জাহাঙ্গীরের মুঠোফোন একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

এ ব্যাপারে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন ফরাজী বলেন একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।