ব্রাজিল-আর্জেন্টিনা ভক্তদের বিবাদে না জড়াতে মাইকিং

অনলাইন ডেস্ক।।
আসন্ন ফিফা ফুটবল বিশ্বকাপ ঘিরে ব্রাজিল- আর্জেন্টিনা ভক্তদের বিবাদে না জড়াতে মাইকিং করেছেন কোম্পানীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান। উপজেলার চর এলাহী ইউনিয়নের গাংচিল বাজার, চান্দু মার্কেটসহ বিভিন্ন বাজারে এসব পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় কোম্পানীগঞ্জ থানার পুলিশ সদস্যদের নিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমানসহ উপস্থিত জনসাধারণকে ফিফা ফুটবল বিশ্বকাপ ঘিরে ব্রাজিল- আর্জেন্টিনা নিয়ে উস্কানিমূলক কথাবার্তা না বলার অনুরোধ করেন। এছাড়াও মাদক, জঙ্গিবাদ ও কিশোর গ্যাং নিয়ে সচেতনতামূলক বক্তব্য রাখেন।

পথসভায় ওসি বলেন, ফুটবলকে আমরা সবাই ভালোবাসি। খেলাধুলা একটি বিনোদনের অংশ। কিন্তু কিছু সংখ্যক লোক আছে যারা এই খেলাকে ঘিরে দেশকে অস্থিতিশীলতা সৃষ্টি করার জন্য উস্কানিমূলক কথা বলে। এতে যারা ব্রাজিল ও আর্জেন্টিনা ভক্ত আছে তারা ঝগড়া বিবাদে জড়িয়ে যায়। সুযোগসন্ধানী মানুষ এটার সুবিধা নিয়ে থাকে। এতে করে দেশের যুবসমাজ ধ্বংস হয়ে যায়। তাই আপনারা ব্রাজিল-আর্জেন্টিনা নিয়ে বিবাদে জড়াবেন না।

এসময় কোম্পনীগঞ্জ থানার পুলিশ উপ-পরিদর্শক (এসআই) আকতার, পুস্প চাকমা, আউয়াল সুমন, মজিবুর, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রবিউল, ওয়াসিম, গনেশ্বর চাকমা, সুমন , আনোয়ারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান বলেন, ৪ বছর পর পর বিশ্বকাপ আসে। এসময় ছোট ছোট কথা থেকে অনেক বড় কিছু ঘটে যেতে পারে। আমরা সবাই সমাজে বাস করি। আমরা সবাই মিলেমিশে থাকলে সমাজ ভালো থাকবে এবং আমরা ভালো থাকবো। অযথা ফুটবল নিয়ে কথা-কাটাকাটি থেকে বিরত থাকতে সবাইকে সচেতন হতে বলছি।

ওসি সাদেকুর রহমান আরও বলেন, ফুটবল হলো কেবলমাত্র বিনোদন। সমাজে কেউ কেউ থাকে সুযোগ সন্ধানী। যারা ঝামেলা লাগিয়ে দিয়ে সরে যাবে। দূর থেকে এসব ঝগড়াঝাটি দেখে হাততালি দিবে।