আদালত প্রাঙ্গণসহ বরিশাল নগরীতে নিরাপত্তা জোরদার

রূপালী ডেস্ক।।
সারা দেশের ন্যায় বরিশালেও আদালত প্রাঙ্গণসহ নগরীর গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের নিরাপত্তা জোরদার করা হয়েছে। সোমবার (২১ নভেম্বর) সকাল থেকে বরিশাল আদালত প্রাঙ্গণের প্রধান ফটকসহ নগরীর গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের টহলের পাশাপাশি চেকপোস্ট বসিয়ে তল্লাশি করতে দেখা গেছে।

আদালত প্রাঙ্গণে আসা রাসেল হোসেন জানান, সকালে ঢোকার সময় আমার সাথে থাকা ব্যাগ ও আমার শরীরে তল্লাশি করে পুলিশ। শুধু আমি না যারাই ঢুকছে তাদের সবাইকে তল্লাশি করে ঢোকানো হচ্ছে।

মোটরসাইকেল চালক মাইনুল ইসলাম জানান, গাড়ি নিয়ে মেডিকেলে যাওয়ার পথে কাকলির মোড়ে দাঁড় করিয়ে তল্লাশি করা হয় আমাকে। আগে এভাবে করতো না কিন্তু হঠাৎ করে আজকে এমনটা করল।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার সাইফুল ইসলাম জানায়, ইতোমধ্যে আমরা আদালত প্রাঙ্গণসহ নগরীতে নিরাপত্তা জোরদার করেছি, যাতে কোনো আসামি পালাতে না পারে এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। পাশাপাশি আদালতের কিছু গুরুত্বপূর্ণ জায়গায় সবাইকে ঢোকা ও বাহির হওয়ার সময় নিরাপত্তা কঠোর রাখা হয়েছে। আমাদের আইনগত যে নিয়ম রয়েছে অর্থাৎ থানা বা জেলখানা থেকে আসামি আনা-নেওয়া সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে।