বরিশালে ৬ সাংবাদিকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা

রূপালী ডেস্ক।।
দুর্নীতির অভিযোগে চাকরিচ্যুত সার্ভেয়ার এমএম মোতালেব হোসেনের দুর্নীতির বিষয়ে সংবাদ প্রকাশ করায় বরিশালে ৬ সংবাদকর্মীসহ ৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

মঙ্গলবার বরিশাল সাইবার ট্রাইব্যুনালের বিচারক গোলাম ফারুক মামলার আবেদন গ্রহণ করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানাকে অভিযোগ তদন্তের নির্দেশ দেন।

এজাহারে ৬ জন সাংবাদিক ও দুর্নীতি দমন কমিশনে মোতালেবের বিরুদ্ধে অভিযোগ দেওয়া ভুক্তভোগী দম্পতিকে আসামি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সাইবার ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী নুরুল ইসলাম কাকন।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম জানিয়েছেন, মামলা তদন্তের নির্দেশনাবলী সম্বলিত কোনো কাগজ এখনো হাতে পাইনি। কাগজ পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

মামলার আসামিরা হলেন- এমএম মোতালেব হোসেনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে অভিযোগকারী ইসমাত সায়লা ও তার স্বামী জাহিদ হোসেন সুরুজ মোল্লা, বরিশাল থেকে প্রকাশিত একটি দৈনিকের স্টাফ রিপোর্টার শিকদার মাহাবুব, বিডি ক্রাইম টোয়েন্টিফোরের প্রকাশক-সম্পাদক রিপন হাওলাদার, বরিশাল ক্রাইম ট্রেস পোর্টালের প্রকাশক ও সম্পাদক মো. অনিক, বিএইচএস টিভি অনলাইন ডটকমের নির্বাহী কর্মকর্তা ওমর ফারুক সাব্বির, ঢাকা পোস্ট ডটকমের নিজস্ব প্রতিবেদক সৈয়দ মেহেদী হাসান ও দৈনিক মতবাদ-এর ফটো সাংবাদিক জহিরুল ইসলাম খান রাসেল।

অভিযোগে উল্লেখ করা হয়েছে- ৫টি নিউজ পোর্টালে প্রকাশিত সংবাদ ইসমাত সায়লা তার নিজস্ব ফেসবুক আইডিতে শেয়ার করে লিখেছেন- ‘এই ভূমিদস্যু মোতালেব আমাকে ও আমার পরিবারকে জিম্মি করে রেখেছে। এর বিচার চাই।’ এমএম মোতালেব হোসেন একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী যে কারণে ইসমাত সায়লার এই লেখা তার মানসম্মান ক্ষুণ্ণ করেছে। একইসঙ্গে প্রকাশিত সংবাদ ওই নারীর স্বামী তার ফেসবুক আইডিতে শেয়ার করেন।

এজাহারে দাবি করা হয়েছে, নিউজ পোর্টালগুলোতে মোতালেব হোসেনের ছবি তার অনুমতি ছাড়া ব্যবহার করে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা সঠিক নয়।

প্রসঙ্গত, জালিয়াতির মাধ্যমে অন্যের জমির কাগজ নিজের নামে করে এবং সন্ত্রাসী বাহিনী নিয়ে সেই জমি দখলের অভিযোগে চলতি বছরের ৭ আগস্ট দুর্নীতি দমন কমিশনে লিখিত অভিযোগ দেন বরিশাল সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ড সিঅ্যান্ডবি পুল সংলগ্ন মীরা বাড়ির বাসিন্দা ইসমাত সায়লা। এরপর তাকে ও তার ভাই বরকত হোসেনকে প্রাণনাশের হুমকি দেন এমএম মোতালেব। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি করেন ইসমাত সায়লা।

সর্বশেষ ১৯ নভেম্বর এলাকাবাসী অভিযুক্ত সার্ভেয়ার মোতালেব হোসেনের নির্যাতনের হাত থেকে বাঁচতে সদর রোডে মানববন্ধন করেন এবং জেলা প্রশাসক, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারসহ প্রশাসনিক কর্মকর্তাদের কাছে স্মারকলিপি প্রদান করেন। এসব নিয়ে সংবাদ প্রকাশিত হয়।

ভুক্তভোগীরা বলছেন, বিরোধপূর্ণ জমির সন্ধান পেলে নিজেই তদবির করে পাওয়ার অব অ্যাটর্নি নিয়ে নেন বরিশাল নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের আবহাওয়া অফিস এলাকার বাসিন্দা এম মোতালেব হোসেন। তিনি সিমেন্ট উৎপাদনকারী প্রতিষ্ঠানে কিছুদিন সার্ভেয়ার পদে চাকরি করলেও অনিয়মের কারণে চাকরিচ্যুত হন।