বরিশালে ‘বিষণ্ণতা’ কেড়ে নিলো স্কুলছাত্রের প্রাণ!

রূপালী ডেস্ক।।
বরিশালে পরীক্ষার প্রবেশপত্র না পেয়ে এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে বলে অভিযোগ করেছে পরিবার। ওই ছাত্রের নাম শংকর মুন। সে উদয়ন স্কুল কীর্তনখোলা শাখার নবম শ্রেণির ছাত্র।

বুধবার (৩০ নভেম্বর) সকালে বরিশাল নগরীর কাউনিয়া ক্লাব রোড এলাকায় নিজ বাসা থেকে মুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তবে, স্কুল কর্তৃপক্ষের দাবি সে পরীক্ষায় অংশ নিয়েছে।

শংকর মুনের বাবা মানস কুমার রায় ও মাতা মলিনা রানী বড়াল জানান, কয়েকদিন ধরে তাদের ছেলে স্কুলে যাচ্ছিল না। জানতে চাইলে এড়িয়ে যাচ্ছিল। পরে জানায়, চুল দাঁড়ি না কাটলে স্কুলে প্রবেশ করতে দেবে না। তাই মঙ্গলবার টাকা দিলে সে চুল দাঁড়ি কেটে আসে। সন্ধ্যায় প্রাইভেট টিচারের কাছে পড়া শেষ করে ঘরের দরজা বন্ধ করে দেয়। রাগ হলে প্রায়ই সে ঘরের দরজা বন্ধ করে দিত। তাই রাতে আর তাকে ডাকাডাকি করেনি তারা।

সকাল ৭টার দিকে সে ঘরের দরজা না খুললে সন্দেহ হয়। শংকরের বন্ধু প্রতিবেশী সৌরভকে ডেকে এনে ওয়াল টপকে ঘরে প্রবেশ করালে, ঝুলন্ত মরদেহ দেখতে পায় সে। পরে পুলিশে খবর দিলে কাউনিয়া থানা পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

শংকর মুনের ক্লাশ শিক্ষক স্যামুয়েল জানান, শংকর মুন খুবই বিনয়ী ও ভালো ছাত্র ছিল। পরীক্ষায়ও অংশগ্রহণ করেছে সে।

কাউনিয়া থানার পরিদর্শক (তদন্ত) কর্মকর্তা হরিপ্রসাদ নাগ বলেন, ‘প্রাথমিকভাবে মনে হচ্ছে সে আত্মহত্যা করেছে। তবে আমরা তার লাশ ময়নাতদন্তের জন্য শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। পোস্টমর্টেম রিপোর্টে মৃত্যুর আসল কারণ জানা যাবে।’